২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে শিল্প স্থাপনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

উত্তরাঞ্চলের শিল্প বিনিয়োগ উৎসাহিত এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে শিল্পখাতে ভর্তুকিসহ বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উত্তরাঞ্চলের শিল্প বিনিয়োগ উৎসাহিত এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে শিল্পখাতে ভর্তুকিসহ বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রশাসন (সুপ্র) আয়োজিত 'সাধারণ মানুষের চাহিদার আলোকে বাজেট পর্যালোচনা' শীর্ষক সভায় বক্তারা এ দাবি জানান। নগরীর ঘোড়ামারায় সুপ্র কার্যালয়ে ওই সভা হয়। বক্তারা রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে রেশম কারখানা চালুর উদ্যোগ এবং রেশম চাষীদের উৎপাদিত গুটির শতভাগ রেশম বোর্ডের মাধ্যমে সরকারকে কেনার আহ্বান জানান। সভায় উত্তরাঞ্চলের আদিবাসীদের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা অধিকার নিশ্চিতসহ তাদের সামাজিক ও সাংস্কৃতিক নিরাপত্তা বিধানের সুপারিশ করা হয়। এছাড়া ভূ-উপরস্থ পানি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, উত্তরাঞ্চলের নদীগুলোর পানি দূষণমুক্ত, ২০১০ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন সুবিধা বাস্তবায়নের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশও করা হয়। অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রশান্ত সাহা, এসকেএল লালন, কল্পনা রায়, সারওয়ার-ই-কামাল স্বপন, হাসান মিল্লাত প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫২ ঘ.