ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে এক হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। বিদায়ী অর্থবছরের চেয়ে এই বরাদ্দ ১২ শতাংশ বেশি।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেন, "তথ্য, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে আগামী অর্থবছরের বাজেটে এক হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ মোট বাজেটের দুই দশমিক চার শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি।"
তিনি বলেন, "দেশে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা গত অর্থবছরের তুলনায় এখন প্রতি ১০০ জনে ৯ থেকে বেড়ে ১৮ জনে পৌঁছেছে।"
রপ্তানি আয় বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তি পণ্যকে অন্যতম অগ্রাধিকার পণ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এই খাতে দক্ষ জনবল সৃষ্টির জন্য ইন্টার্নশিপ ভাতা দেওয়া হচ্ছে। অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসা বন্ধ করা হয়েছে। ভিওআইপি ব্যবসাকে আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসার নীতিমালা প্রণনয়নের কাজ এখন প্রায় চুড়ান্ত।"
অর্থ উপদেষ্টা আরও বলেন, "তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উপযোগী করে তোলার জন্য স্থাপিত আইসিটি ইনকিউবেশন সেন্টারকে আরও কার্যকর করা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হাইটেক পার্ক স্থাপনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।"
দেশের প্রতিটি জেলায় একটি করে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি করার পরিকল্পনাও সরকার গ্রহণ করেছে বলে জানান আজিজুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/আরবি/জিএনএ/১৯০৩ ঘ.
bdnews24