২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে অনুমোদিত মূলধন বাড়িয়েছে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও পুঁজি বাজারে এবিষয়ক তথ্য প্রকাশ করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 10:48 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

গত ২৪ মে ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭৫ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূইয়া সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, “এটা কি শেয়ারের দাম সংক্রান্ত স্পর্শকাতর তথ্য? আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারি এব্যাপারে কিছু জানায় নি।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (এসইসি) এবং একটি বর্ধিত সাধারণ সভায় অনুমোদন লাভের পর এসম্পর্কিত তথ্য বাজারে প্রকাশ করা হবে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, “অবশ্যই এটা শেয়ারের দাম সংক্রান্ত স্পর্শকাতর তথ্য। তালিকাভুক্ত যেকোনো প্রতিষ্ঠান এধরনের সিদ্ধান্ত নিলে তা সঙ্গে সঙ্গে বাজারে প্রকাশ করতে হবে।”

তবে ব্যাংকের সেক্রেটারি মানস কুমার ঘোষ দাবি করেন, শেয়ারের দাম সংক্রান্ত স্পর্শকাতর তথ্যের ব্যপারে এসইসির নীতিমালায় স্পষ্ট করে এধরনের তথ্যকে স্পর্শকাতর তথ্য হিসেবে বলা নেই।

মে মাসের শুরু থেকেই প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বাড়ছে। ডিএসইতে ২৮ মে প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বেড়ে শেয়ার প্রতি ৭৯১ টাকা ৫০ পয়সা হয়। ডিএসইর এপ্রিল মাসের একটি মাসিক পর্যালোচনায় দেখা যায় ৩০ এপ্রিল প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ছিল ৪৮৩ টাকা ২৫ পয়সা।

গত দুই দিনে প্রাইম ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা এবং ব্যাংকটির শেয়ারের দামও দশমিক ৩৮ শতাংশ বেড়েছে যদিও পুঁিজ বাজার ছিল মন্দা।

মে মাসের ৫ তারিখের একটি চিঠিতে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এপ্রিলের ২৭ ও ২৮ তারিখে সৌদি বিনিয়োগকারীদের একটি দল প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং সৌদি আরবে প্রাইম ব্যাংকের একটি সহ-প্রতিষ্ঠান চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করে।

চিঠিতে বলা হয়, “এপ্রিলের ৩০ তারিখে সৌদি বিনিয়োগকারী এবং প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি আরবে প্রাইম ব্যাংকের সহ-প্রতিষ্ঠান চালুর ব্যাপারে এটা একটি প্রাথমিক পদক্ষেপ।”

মে মাসের ২৭ তারিখে ডিএসইর অনুসন্ধানের জবাবে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সৌদি বিনিয়োগকারী এবং প্রাইম ব্যাংকের যৌথ বিনিয়োগের ব্যাপারে তারপর আর অগ্রগতি হয়নি।