২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি কমাতে কৃষি ভর্তুকি বাড়ানোর প্রস্তাব

কৃষিখাতের স্থবিরতা না কাটলে মূল্যস্ফীতি কমবে না। তাই কৃষি ভর্তুকি বাড়ানোর পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগও বাড়াতে হবে। মঙ্গলবার রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় বক্তারা এ কথা বলেন। তবে আলোচনায় অংশ নেওয়া রাজনীতিবিদরা মূল্যস্ফীতি কমাতে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘মূল্যস্ফীতি ও এবারের বাজেট ২০০৭Ñ’০৮: প্রান্তজনের ভাবনা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের যৌথ আয়োজক ছিল সমুন্নয় ও মানুষের জন্য।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আতিউর রহমান। তিনি মজুতের ওপর হস্তক্ষেপ, পরিবহন ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদনে ঘাটতিকেই মূল্যস্ফীতির জন্য দায়ী করেন। মূল্যস্ফীতি কমাতে কৃষিতে বিনিয়োগ, খাদ্য বাজেট এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর পাশাপাশি বাজার মনিটরিং ও টিসিবির ভূমিকা জোরদার, জাতীয় মূল্যনীতি প্রণয়নের ওপর জোর দেওয়া হয় মূল প্রবন্ধে।

প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেন, “২০০০ সাল থেকে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে চলেছে। একটা কাঠামোগত সমস্যা দেখা দিয়েছে। এর ফলে কৃষিখাতে যথেষ্ট প্রবৃদ্ধি ঘটছে না।”

তার মতে, কৃষি খাতে স্থবিরতা ঠিক না করলে সিন্দবাদের ভূতের মতো চেপে বসা মূল্যস্ফীতি আর নামবে না। এ জন্য সরকারকে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে।

আকবর আলী খান বলেন, “প্রান্তজনের জন্য ত্রাণ কর্মসূচি বাড়াতে হবে। তাদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষককে ভর্তুকি দিয়ে সেচের পানি, ডিজেল, বিদ্যুৎ, বীজসহ অন্যান্য উপকরণ দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন,“ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাজেটের ভূমিকা কম। এর সঙ্গে সুশাসন জড়িত।”

বাজার থেকে কালো টাকা উঠে যাওয়ায় অর্থনীতি স্থবির হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তবে কৃষি খাতের চেয়ে জ্বালানি খাতে বিনিয়োগ বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি।

জাতীয় পার্টির সভাপতিণ্ডলীর সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেন, “টেম্পরারি জিনিস মানেই অস্থির। নিয়মিত সরকার না হলে মানুষজন তো বিনিয়োগ করবে না। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষজন বিনিয়োগ করবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে।”

আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, “মূল্যস্ফীতি নিয়ে সারাদেশের মানুষ উৎকণ্ঠায় রয়েছে। তাই খুব শিগগির একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান বলেন, “রাজনীতিতে যেহেতু অস্থিতিশীলতা রয়েছে সেহেতু আগামী বাজেটে মূল্যস্ফীতি কমবে না। তাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা দরকার।”

সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমদ চৌধুরী বলেন, “টিসিবিকে বাদ দিয়ে একাধিক ট্রেড ফেয়ার কোম্পানি গঠন করতে হবে। নতুন বাণিজ্যিক ব্যবস্থায় পুরনো প্রতিষ্ঠান দিয়ে কিছু করা সম্ভব না। ঢাকার বাইরে অন্তত চারটি পাইকারি আড়ৎ করতে হবে।”

চ্যানেল আই এর বার্তা পরিচালক শাইখ সিরাজ বলেন, “কৃষির ভাবনা শুধু কৃষকের একার নয় আমাদের সবার। বাজেটে কৃষি বরাদ্দ বাড়াতে হবে। মাঠ পর্যায়ে কৃষি গবেষণা এবং প্রশিক্ষণ কর্মসূচি শক্তিশালী করতে হবে।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক কাজী ফারুক আহমদ বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাশ করতে হবে। এছাড়া ন্যায্য বাণিজ্য সেল এবং ন্যায্য বাণিজ্য কমিশন গঠন করতে হবে।”

আওয়ামী লীগের সাবেক সাংসদ রেজাউল করিম হীরা বলেন, “দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা দরকার। তবে সাবেক সাংসদদের এ অভিমতের বিরোধিতা করে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু পরিবার এর পরিচালক আবদুর রহিম অনুষ্ঠানে বলেন, “শিয়ালের কাছ থিকা মুরগি বর্গা নিয়া আপনারা কী দাম কমাইবেন? শান্ত থাকেন সরকার নির্বাচন দিয়া দিব।”

অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।