পুঁজি বাজারে গড় লেনদেনের হার বেড়েছে
একমাস নিষ্ক্রিয় থাকার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি বাজারে অংশ গ্রহণের কারণে সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) প্রতিদিনের গড় লেনদেনের হার ৪৩ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১১৭ কোটি টাকা হয়েছে।
জ্বালানী ও বিদ্যুৎ, ব্যাংক এবং ওষুধ খাতে বড় প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে থাকায় ডিএসইতে সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৮৯ কোটি টাকা। গত সপ্তাহে ৪১১ কোটি টাকার লেনদেন হয়।
পাওয়ার গ্রিড কোম্পানি, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ডেসকো ডিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ প্রতষ্ঠিান হিসেবে সপ্তাহ শেষ করে।
সপ্তাহ জুড়ে ভালো লেনদেন হওয়ায় শেয়ার সূচকগুলোও উর্ধ্বমুখী ছিল। শেয়ারের দাম বাড়া এবং ভালো লেনদেনের কারণে ডিএসইর বাজার মূলধন ৩ দশমিক ৩২ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে ৪২ হাজার ৩০৭ কোটি ৪০ লাখ টাকা হয়।
এপ্রিল মাসে বাজারে মন্দাভাব থাকলেও মে মাসের শুরুতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজার চাঙ্গা হয়ে ওঠে।
ডিএসইর প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, “ পুঁজি বাজারের গতি ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোই শুরুতে এগিয়ে আসে। খুচরা বিনিয়োগকারীরা পরে তাদের অনুসরণ করে।”
বিশ্লেষকদের মতে, ঢাকায় প্রায় ৪০ টি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে এই মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের কারণেও ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবু আহমেদ বলেন, “ সম্মেলনের পরে বাজারে লেনদেন উৎসাহিত হয়েছে।”
পুঁজি বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ খুচরা বিনিয়োগকারীদেরও উৎসাহিত করেছে।”
