২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পপণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের জন্য সরকার জোর চেষ্টা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থা (ডবি¬উটিএ) সংক্রান্ত কার্যাবলি পর্যবেক্ষণ ও পর্যালোচনার লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির চতুর্থ সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জ্জা আজিজুল বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টার বিশেষ দূত ফারুক সোবহানও বিষয়টি নিয়ে আলোচনা করবেন।”

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ ধরে উপদেষ্টা বলেন, “তিনিও (ড. ইউনূস) বিষয়টি নিয়ে সেখানে কথা বলবেন।”

এর আগে সভায় ডাব্লিওটিও সংক্রান্ত প্রস্তাবগুলো সংশ্লিষ্ট ব্যবসায়ী, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিগগির চূড়ান্ত করার পরামর্শ দেন উপদেষ্টা।

বাণিজ্য, কৃষি, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকারের চেষ্টা চালিয়ে আসছে। বাংলাদেশসহ আরও ১৩টি উন্নয়নশীল দেশের পোশাক যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ক একটি বিল কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।