২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসে বাজার নিয়ন্ত্রণে সফল হয়নি সরকার

দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে বাজার নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিলেও পণ্যের দামের রাশ টেনে ধরতে ব্যর্থ হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 05:27 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গত চার মাসে (দশ জানুয়ারি থেকে দশ মে) চিনি, পিঁয়াজ ও আমদানি করা রসুন ছাড়া নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। গত বছরের এই সময়ের তুলনায় চাল, আটা, ডাল ও গুঁড়ো দুধের দাম কেজি প্রতি ১১ দশমিক ৭৬ থেকে ৩২ দশমিক ৪৩ শতাংশ এবং ভোজ্য তেলের দাম ৫৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর গত চার মাসের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

ক্যাব বলছে, টিসিবি মাধ্যমে আমদানি না বাড়ালে এবং পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা না গেলে বাজার দর নিয়ন্ত্রণে তেমন কোনো সাফল্য পাবে না সরকার।

টিসিবি গত বৃহস্পতি বাজার দরের যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যায়, গত এক মাসে (১০এপ্রিলের হিসেব অনুযায়ী) সব ধরনেরচালের দাম ৪ দশমিক ৭৬ শতাংশ থেকে ৮ শতাংশ ৮৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গত চার মাসে সাধারণ মানের নাজির বা মিনিকেট চাল কেজি প্রতি তিন টাকা বেড়ে ২৭ টাকা, সাধারণ মানের পাইজাম বা লতা ছয় টাকা বেড়ে ২৫ টাকা, মোটা চাল বা স্বর্ণা চার টাকা বেড়ে ২৩ টাকা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে নতুন ধান উঠতে শুরু করায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খানিকটা কমে আসে। অথচ এবছর চালের দাম কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

টিসিবির পরিসংখ্যান অনুযায়ী গত চার মাসে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৮ টাকা বেড়ে ৭২ টাকা, পাম তেল ১২ টাকা বেড়ে ৬২ টাকা, সরিষার তেল ৪০ টাকা বেড়ে ১২০ টাকা এবং আলু কেজি প্রতি ৫ টাকা বেড়ে ১৯ টাকা হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে গড়ে প্রায় ৫০ শতাংশ।

উল্লেখযোগ্য হারে কমেছে কেবল চিনির দাম। গত চার মাসে চিনির দাম ৭ টাকা কমে ৩০ টাকা হয়েছে। টিসিবির হিসেবে গত বছরের এই সময়ের তুলনায় চিনির দাম কমেছে ৪৪ দশমিক ৮৬ শতাংশ।

মাঝখানে কিছুটা কমলেও দেশি পেঁয়াজের দাম আবার ১৮ টাকা হয়েছে। টিসিবির ১০ জানুয়ারির পরিসংখ্যানেও দেশি পিঁয়াজের দাম ১৮ টাকা দেখানো হয়েছিল।

এছাড়া গত চার মাসে গুঁড়োদুধ ও শিশুখাদ্যের দামও বেড়েছে। প্রতি কেজি রেড কাউ গুঁড়োদুধের দাম ১৭ টাকা বেড়ে ৩৯০ টাকা, ডিপ্লোমা ১৮ টাকা বেড়ে ৩৬৮ টাকায়, নিডো ৫০ টাকা বেড়ে ৪৮০ টাকা এবং মিল্ক ভিটা ২৫ টাকা বেড়ে ৩৪০ টাকা হয়েছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) গত চার মাসের জরিপের ফলাফলও মোটামুটি এক। তবে কিছু পণ্যের ক্ষেত্রে টিসিবির চেয়ে বেশি দাম দেখিয়েছে ক্যাব। ক্যাব বলছে বাজারে খোলা সয়াবিন তেলের দাম এখন কেজি প্রতি ৭৪ টাকা।

ক্যাব এর পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে মাছ ও সব্জির দাম খুব একটা বাড়েনি। বরং পরিবহন খাতে চাঁদাবাজি কমায় সব্জির দাম কিছুটা কমছে।

ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, পণ্য সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি টিসিবির মাধ্যমে পণ্য আমদানি বাড়ানো প্রয়োজন। তা না হলে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, বিডিআরের ডাল-ভাত কর্মসূচিসহ সরকারের সীমিত আকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বড় ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে না। তিনি মনে করেন, দাম নিয়ন্ত্রণ করতে হলে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমানোটাও জরুরি।