২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে সামান্য দরপতন

বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় ঢাকা শেয়ার বাজারে বুধবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত সামান্য দরপতন ঘটেছে। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ গত কয়েকদিনের মতোই আধিপত্য বিস্তার করে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 02:23 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ডিজিএন বা সাধারণ সূচক বেলা ১২ টা ০৩ মিনিটে ২ দশমিক ২৯ পয়েন্ট অথবা শতকরা শূন্য দশমিক ১৩ ভাগ কমে দাঁড়িয়েছে ১৬৯৫.২৪ এ। অন্যদিকে ডিএসআই বা সার্বিক শেয়ারের মূল্য সূচক এক দশমিক ৫৯ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ১০ ভাগ কমে দাঁড়িয়েছে ১৪৫১.৪৬। ১২ টা ০৩ মিনিট পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৬৬ লাখ টাকা। মঙ্গলবার ছিল ৪৩ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বেলা ১১টা ৫১ মিনিট পর্যন্ত শীর্ষত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল ৪৭০ টাকা ৭৫ পয়সা। বুধবার তা বেড়ে দাঁড়ায় ৪৭৩ টাকা ৫০ পয়সায়।

সামিট পাওয়ারের শেয়ারের মূল্য আগের দিনের ৫৮৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ৫৮৬ টাকা। শাহজালাল ব্যাংকের শেয়ারও কিছুটা কমেছে। আগের দিনে ব্যাংকটির শেয়ারের মূল্য ছিল ২২৬ টাকা ৫০ পয়সা। পরদিন ৫০ পয়সা কমে হয়েছে ২২৬ টাকা। ইস্টার্ন কেবলস এর শেয়ারের মূল্য ৫৮৪টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ৫৭৮ টাকা ৫০ পয়সা।

রূপালী ব্যাংকের শেয়ারের দাম ২ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ টাকা ২৫ পয়সা। সৌদি যুবরাজের কাছে খুব শিগগিরই ব্যাংকটির শেয়ার হস্তান্তরের খবরে প্রতিনিয়তই বাড়ছে এর দাম।