২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের প্রভাব নেই বাজারে

মূল্য নিয়ন্ত্রণে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও তার কার্যকর প্রভাব পড়ছে না বাজারে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থেমে নেই।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর গত তিন মাসের বাজার জরিপ পরিসংখ্যানে ফুটে উঠেছে এমন চিত্র। ক্যাব বলছে, বাজারে স্বাভাবিক পণ্য সরবরাহের পাশপাশি সরকার নিয়ন্ত্রিত পণ্য সরবরাহ ব্যবস্থা না থাকলে মূল্য নিয়ন্ত্রণে কোনো প্রভাব রাখা যাবে না।

টিসিবি বাজার জরিপ মতে, গত তিন মাসে চিনি, দেশি পেঁয়াজ, দেশি রসুন এবং শুকনা মরিচ ছাড়া আর প্রায় সব পণ্যের দামই বেড়েছে।

সাধারণ মানের নাজির বা মিনিকেট কেজি প্রতি এক টাকা বেড়ে ২৫ টাকায়, সাধারণ মানের পাইজাম বা লতা চার টাকা বেড়ে ২৩ টাকায়, মোটা চাল বা স্বর্ণা তিন টাকা বেড়ে ২২ টাকায় বিক্রি হচ্ছে।

খোলা সয়াবিন তেল লিটার প্রতি ছয় টাকা বেড়ে ৭০ টাকায়, পাম তেল নয় টাকা বেড়ে ৫৯ টাকায়, সরিষা তেল ৪০ টাকা বেড়ে ১২০ টাকায় এবং আলু কেজি প্রতি এক টাকা বেড়ে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শিশুখাদ্যসহ দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দামও বেড়েছে। প্রতি কেজি রেড কাউ গুঁড়োদুধের দাম ৩৭৩ থেকে বেড়ে ৩৯০ টাকায়, ডিপ্লোমা ১৮ টাকা বেড়ে ৩৬৮ টাকায়, নিডো ৫০ টাকা বেড়ে ৪৮০ টাকা এবং মিল্ক ভিটা ২৫ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে গত তিন মাসে কেজি প্রতি চিনির দাম চার টাকা কমে ৩৩ টাকায়, দেশি পেঁয়াজ দুই টাকা কমে ১৬ টাকায়, দেশি রসুন ২০ টাকা কমে ১৬ টাকায় এবং শুকনা মরিচ ৩০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্যাব এর পরিসংখ্যান মতে, এ সময়ে আটার দামের হ্রাস-বৃদ্ধি ঘটেনি। গরুর মাংসের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। তবে মাছের দাম খুব একটা বাড়েনি। তবে মাঝারি সাইজের ইলিশের দাম বেড়েছে ২৫ শতাংশ, আর সিলভার কার্প ও ছোট চিংড়ির দাম বেড়েছে যথাক্রমে ৭ শতাংশ ও ২০ শতাংশ।

ক্যাব জানায়, নতুন মওসুম শুরু হওয়ায় পাশাপাশি পরিবহন খাতে চাঁদাবাজি কমায় সবজির দাম কমতে শুরু করেছে।

ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকল্প বিপণন ব্যবস্থা তৈরি করা সম্ভব না হলে দ্রব্য মূল্য কমানো সম্ভব হবে না। বাজারের স্বাভাবিক পণ্য সরবরাহের পাশপাশি সরকার নিয়ন্ত্রিত পণ্য সরবরাহ ব্যবস্থা না থাকলে মূল্য নিয়ন্ত্রণে কোনো প্রভাব রাখা যাবে না।

মূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির মাধ্যমে ব্যাপক আকারে পণ্য আমদানি প্রয়োজন বলে মনে করেন কাজী ফারুক। তিনি বলেন, বিডিআরের ডাল-ভাত কর্মসূচিসহ সরকারের কার্যক্রমের স্বল্পতায় এ থেকে বড় ধরনের সুবিধা অর্জন করা যাচ্ছে না।

ক্যাবের পক্ষ থেকে কৃষকদের সমবায়ের মাধ্যমে বিপণন ব্যবস্থা সৃষ্টির দাবি জানিয়ে বলা হয়, এতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

গত ২৭ মার্চ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ অভ্যন্তরীণ বাজারকে ‘বিকৃত’ বর্ণনা করে বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম যে হারে বাড়ে, তার চেয়ে বেশি বাড়ে আভ্যন্তরীণ বাজারে।