বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কেনার খসড়া নীতিমালা অনুমোদিত
বিদ্যুৎ ঘাটতি রোধে স্বল্প মেয়াদি কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কেনার খসড়া নীতিমালা অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার বিকেলে উপদেষ্ঠা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে ফোজদারী কার্যবিধি সিআরপিসির সংশোধনী অর্ডিন্যান্স ২০০৭ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্ঠা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবারহের (র্যাবস) গাইড লাইনের খসড়া নীতিমালা নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। র্যাবস-এ বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
বৈঠকের পর প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, স্বল্প মেয়াদি কর্মসূচির আওতায় বেসরকারি শিল্প--কারখানায় উৎপাদিত বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) কেনার ব্যাপারে বিগত সরকার আমলে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। যাচাই প্রতিবেদনে বেসরকারি খাতে ৬শ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত আছে বলে উল্লেখ করা হয়েছে।
মুনেম জানান, সরকার ওই প্রতিবেদন পর্যালোচনা করে বিদ্যুৎ ক্রয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এ ব্যাপারে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা হবে। সরকার প্রতি ইউনিট বিদ্যুতের গড় ক্রয়মূল্য নির্ধারণ করেছে ২ টাকা ১২ পয়সা।
প্রেস সচিব জানান, ইতিমধ্যে ১৮টি বেসরকারি কোম্পানি বিদ্যুৎ বিক্রির আগ্রহের কথা জানিয়েছে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মঙ্গলবার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শীতাতপ যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ ও ফ্লোরেসেন্ট বাতি ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব সরকারি অফিসেও এই ব্যবস্থা কার্যকর করা হবে।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ১৫ মার্চ কক্সবাজার, ১৮ মার্চ সিলেট ও ২১ মার্চ রাজশাহী সফর করবেন।
