পোল্ট্রি শিল্পের সমস্যা ও করণীয় নির্ণয়ে ৫ সদস্যের কমিটি গঠিত
পোল্ট্রি শিল্পের সমস্যা ও করণীয় নিয়ে সুপারিশমালা প্রদানের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুদিন সময় দেওয়া হয়েছে।
মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বৃহস্পতিবার বাংলাদেশ-- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পঞ্চম আন্তর্জাতিক পোল্ট্রি শো উদ্বোধনকালে একথা জানান।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন এর বাংলাদেশ শাখা (ডচঝঅ-- ইই) এর সভাপতি সৈয়দ মশিউর রহমান, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, কাজী ফার্মস গ্র“পের জিএম ওসমান আলী খান এবং এফবিসিসিআই এর একজন প্রতিনিধি।
পোল্ট্রি শিল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা, প্রাসঙ্গিক যন্ত্রপাতি আমদানি, পোল্ট্রিজাত পণ্য আমদানি-- রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে এবং গ্রামীণ পর্যায়ে পোল্ট্রি শিল্পের প্রসারসহ সার্বিক বিষয়ে প্রতিবেদন দিতে হবে কমিটিকে।
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন এর বাংলাদেশ শাখা আয়োজিত মেলার উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, দেশে আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশের এক লাখ পোল্ট্রি খামার, ১২৩ টি হ্যাচারি, ৮টি প্যারেন্ট স্টক খামার এবং ৪৭টি ফিড মিল চালু রয়েছে।
তিনি আরও বলেন, এ শিল্পে ১২ লাখ মানুষ প্রত্যক্ষ এবং ৩০ লাখ মানুষ পরোক্ষভাবে কর্মরত রয়েছে। কিন্তু পোল্ট্রি শিল্প দেশের মোট চাহিদার একটি ক্ষুদ্র অংশ মেটাতে সক্ষম হয়েছে। তাই পোল্ট্রি শিল্পকে আরও প্রসারিত করতে হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বার্ড ফ্লুতে আক্রান্ত থাকায় বাংলাদেশ থেকে পোল্ট্রি পণ্য বিদেশে রপ্তানি করার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশকে এ সম্ভাবনা কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও রোগ সংক্রমণসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেশের পোল্ট্রি শিল্পের সম্প্রসারণের পথে বাধা সৃষ্টি করে। তাই এ শিল্পের উন্নয়নে টেকসই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগুতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার মহাসচিব ড. এম এ সালেক, ডব্লিউপিএসএ এর মহাসচিব ড. পি সি এম সাইমন্স, সভাপতি ড. আর আকবি, পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. সুনীল চন্দ্র ঘোষ।
