২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বিভাগ হতে পারে

মেয়েদের জন্য আলাদা কোনো ব্যাংক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ। আলাদা ব্যাংক করার লাইসেন্স দেওয়ার চেয়ে বরং অন্য ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট একটি বিভাগ খোলার অনুরোধ করা হবে বলে প্রতিশ্র“তি দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সোমবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে গভর্নর বলেছেন, “যদি অন্য ব্যাংকগুলো চাহিদা মেটাতে পারে তাহলে মেয়েদের জন্য আলাদা ব্যাংকের কোনো প্রয়োজন দেখি না। আমরা প্রতিটি ব্যাংককেই বলব যাতে নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট একটি বিভাগ খোলা হয়।”

বাংলাদেশ উইম্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডাব্লিউসিসিআই) এক আবেদনের প্রেক্ষিতে এ কথা বলেছেন সালেহউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া একটি প্রতিশ্র“তি বাস্তবায়নের অনুরোধ করেছিল নারী ব্যবসায়ীদের সংগঠনটি। গত বছর ছোট ও মাঝারি আকারের শিল্পদ্যোক্তা নারীদের জন্য আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠার কথা দিয়েছিলেন খালেদা জিয়া।

“অর্থায়নের সুযোগ ও নারী শিল্পদ্যোগের উন্নয়ন” নামে সেমিনারটি যৌথভাবে  আয়োজন করে  দি সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ ও  বিডাব্লিউসিসিআই।

ড. আহমেদ বরং উল্লেখ করেছেন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ঋণ তহবিলের (এসইএফ) বিষয়টি। জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ধরনের বাণিজ্যিক ও কৃষিভিত্তিক শিল্প উদ্যোগে আগ্রহী নারীদের সেই তহবিলের একটা অংশ বরাদ্দ দেওয়ার কথা ভাবছে।

এসইএফ-এর চারটি বিভাগের তিনটির জন্য ৩৬৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

নারী উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে জামানতে ছাড় দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি নীতিমালা তৈরির ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর, “জামানত ছাড়া ঋণের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার কথা ভাবছি আমরা। পুনঃঅর্থায়ন স্কিমে যেসব ব্যাংক আমাদের থেকে সুবিধাটা গ্রহণ করে তাদের সুদের হারের ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করব আমরা।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্য ব্যাংকগুলো শতকরা ৫ ভাগ হারে পুনঃঅর্থায়নের সুযোগ নিয়ে থাকে।

বিডাব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যরা ছাড়াও বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয় চেয়ারম্যান ড. আতিউর রহমান এবং ক্ষমতা ও অংশগ্রহন গবেষণা কেন্দ্রের নির্বাহী চেয়ারম্যান হোসেইন জিল্লুর রহমান।

সেলিমা আহমেদ বলেন, “কেন্দ্রীয় ব্যাংক থেকে যেসব ব্যাংক পুনঃঅর্থায়নের সুবিধা নেয়, তাদের কাছে ৮% সুদে ঋণ চাই আমরা।” সেমিনারে এ ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জানাশোনার অভাবে ব্যাংকের বিভিন্ন খাত থেকে ঋণ নেওয়ার জটিলতা ও হয়রানির দিকগুলোতে আলোকপাত করা হয়।

আতিউর রহমান এ প্রসঙ্গে বলেন, “প্রতিটি ব্যাংকে মেয়েদের জন্য একটি বিভাগ থাকলে তাদের জন্য খুবই সহায়ক হবে।” হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে জোর দিয়েছেন অবকাঠামোর উন্নয়নে, “নারী ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ সংস্থার প্রতিষ্ঠা জরুরি।”