ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তঃব্যাংক কলমানি সুদের হার মঙ্গলবার সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যন্ত উঠেছে। তবে গত ঈদ উল আজহার চেয়ে এ হার কম।
কোরবানি ঈদের আগে আগে গ্রাহকরা বেশিহারে টাকা তুলতে থাকায় ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। এ বাড়তি চাহিদার তুলনায় কোন কোন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ টাকা কম থাকায় তারা অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছে। এক দিনের জন্য নেওয়া এই ঋণের সুদের হার (কলমানি রেট) বৃহস্পতিবার ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে।
বাজারে নগদ টাকার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার দুটি ডিলার ব্যাংকের মাধ্যমে ৪০৮ কোটি টাকার রেপো (ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিলের বিপরীতে স্বল্প মেয়াদে ও স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের ধার দেওয়ার পদ্ধতি) সুবিধা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার এক ব্যাংক থেকে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৭ শতাংশ সুদে টাকা ধার নিয়েছে। এদিন কলমানি সুদের সর্বনিু হার ছিল ৯ শতাংশ।"
তিনি জানান, বৃহস্পতিবার থেকে কলমানি সুদের হার বাড়তে শুরু করে। এর আগে ওই হার সাড়ে ৬ থেকে ৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।
ব্যাংকগুলোতে যথেষ্ট পরিমাণ তারল্য থাকায় আগের অন্যান্য বার কোরবানি ঈদে কলমানি হার যতোটা বেড়েছিল এবার ততোটা বাড়বে না।
২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ঈদের ছুটি থাকায় প্রয়োজনীয় টাকা তুলতে মঙ্গলবার ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মতিঝিলের ব্যাংকপাড়াসহ রাজধানীর সব ব্যাংকের শাখায়ই লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের টাকা তুলতে হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা জোগাড় করার জন্য মতিঝিল শাখায় দেখা গেছে দীর্ঘ লাইন। অন্যান্য ব্যাংকের শাখাতেও নতুন টাকার জন্যও গ্রাহকরা ভিড় জমান।
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের মতিঝিল প্রধান কার্যালয় শাখার ব্যবস্থাপক স্বপন কুমার দাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে ব্যাংকে ভিড় হওয়া অস্বাভাবিক কিছু নয়। প্রতি ঈদের আগেই এমন ভিড় হয়ে থাকে। রেমিটেন্সের টাকা তুলতেও অনেকে এসেছিলেন। এ কারণেই নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় কলমানি সুদের হার কিছুটা বেড়েছে বলে তিনি জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কোরবানির ঈদে কলমানি সুদের হার সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত উঠেছিল। এর আগের কোরবানি ঈদে হয়েছিল সর্বোচ্চ ৮০ শতাংশ।
অক্টোবরে রোজার ঈদের আগে কলমানি সুদের হার সর্বোচ্চ ১০ দশমিক ৫০ শতাংশ হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকক/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24