ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিজউ টুয়েন্টিফোর ডটকম)- কোনো বিশেষ কোম্পানি বা ব্যক্তি স্বার্থকে মাথায় রেখে কয়লা নীতি করা হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।
শনিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'বৃহত্তর রংপুর ও উত্তরাঞ্চলের উন্নয়ন : জ্বালানি প্রেক্ষিত' শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৃহত্তর রংপুর কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সেমিনারটি আয়োজন করে বৃহত্তর রংপুর কল্যাণ সমিতি, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট শিল্প ও বণিক সমিতি।
তপন চৌধুরী বলেন, "জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে কয়লা নীতি করা হচ্ছে। কয়লানীতির ব্যাপারে আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা ভিত্তিহীন। আমরা এমন কিছু করছি না যাতে প্রমাণ হয়- আমাদের দেশপ্রেম নেই। দেশের জন্যই আমরা কাজ করছি।"
তিনি জানান, কয়লানীতি করার জন্য একটি 'নিরপেক্ষ' কমিটি গঠন করা হয়েছে। কমিটির কোনো সদস্যের সঙ্গে তার কখনো কোনো কথা হয়নি। সম্পূর্ণ স্বাধীনভাবে বিশেষজ্ঞরা কয়লানীতির ব্যাপারে সুপারিশমালা তৈরি করেছেন।
এর মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "আঞ্চলিক বৈষম্য একটি বড় সমস্যা। উন্নয়নের দিক দিয়ে উত্তরাঞ্চল অনেক পিছিয়ে। বর্তমান সরকার এ বৈষম্য দূর করার জন্য উদ্যোগ নিয়েছে। একনেকের সভায় প্রকল্প পাশের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।"
বিদ্যুৎ সমস্যাকে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিিহ্নত করে তিনি আরো বলেন, "এ সমস্যা (বিদ্যুৎ) নিরসনে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।"
আঞ্চলিক বৈষম্য বিষয়ে তপন চৌধুরী বলেন, "আগের সরকারগুলো উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা বিষয়টিকে বিবেচনা করতো। আমি মনেকরি দেশের উন্নয়নের জন্য বর্তমানে নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।"
কয়লানীতির ব্যাপারে সরকারি সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টেফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১২২০ ঘ.
bdnews24