ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরে (২০০৭-০৮) সাড়ে তিন হাজার কোটি টাকার চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোববানীর পশুর চামড়া থেকে এই লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ অর্জন করা সম্ভব হবে।
চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে ঢাকা থেকে কোরবানীর পশুর চামড়া পাচারে রোধে চেক পোস্ট ও চামড়ার আড়ত পোস্তাগোলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোরবানীর পশু পরিবহন ও চামড়া পাচার রোধে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, "ঢাকা থেকে চামড়া পাচার বন্ধ করতে জয়দেবপুর, আশুলিয়া, বুড়িগঙ্গা সেতু ও কাঁচপুরে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে পুলিশ ও র্যাব পণ্যবাহী ট্রাক পরীক্ষা করবে। এছাড়া পোস্তগোলাতেও র্যাব ও পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।"
তিনি বলেন, গত অর্থবছর চামড়া রপ্তানি থেকে আয় হয়েছে তিন হাজার কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা।
ড. রশীদ জানান, কোরবানীর পশু ও চামড়াবাহী ট্রাকে চাঁদাবাজি হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য র্যাব ও পুলিশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ফেরিতে কোরবানীর পশুবাহী ট্রাক অগ্রাধিকার দিয়ে পার করার নির্দেশ দেয়া হয়েছে। পশু আমদানির ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট সহ্য করা হবে না।
এছাড়া পশু বিক্রির সময় কোন হাটে পাঁচ শতাংশের বেশি কর আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানা।
সভায় স্বরাষ্ট্র, বাণিজ্য, শিল্প, তথ্য মন্ত্রণালয় ও ট্যানারি মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএসবি/এমএ/১৫০৬ঘ.
bdnews24