ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আজহা সামনে থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতায় পুঁজি বাজারে মঙ্গলবার তৃতীয় দিনের মতো দরপতন অব্যাহত ছিল।
পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "বাজারে শেয়ারের দামের ওঠা-নামা চলছে। সার্বিক পরিস্থিতির বিবেচনায় বাজার স্বাভাবিক আচরণ করছে বলেই মনে হচ্ছে। দরপতনের মানে এই না যে বাজারে কোনো সমস্যা তৈরি হয়েছে।"
তিনি বলেন, "সামনে ঈদ থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতার কারণে দরপতন হতে পারে।"
মঙ্গলবার দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ২৮৯৯ দশমিক ৫৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে হয়েছে ২৪৪৮ দশমিক ২৫ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৩০৭ দশমিক ৭০ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৬ কোটি টাকার ৪৭ লাখ ৩৯ হাজার ৬৬টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এক্সিম ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৯২ টাকা ২৫ পয়সা। ইউনিবিএল এর শেয়ারের দাম ৪ দশমিক ২৯ শতাংশ কমে ৪৬১১ টাকা ৫০ পয়সা হয়। ন্যাশনাল ব্যংকের শেয়ারের দাম ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১২৮২ টাকা ৫০ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৯ শতাংশ বেড়ে ১৫২৮ টাকা ৫০ পয়সা হয়।
বিওসি বাংলাদেশের শেয়ার ৪ দশমিক ০৪ শতাংশ কমে ৩০৮ টাকা ৭০ পয়সা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ডাচ-বাংলা ব্যাংক অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার ঘোষণা দেওয়ায় তাদের শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল আরামিট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, কাশেম সিল্ক, লিগ্যাসি ফুট ওয়্যার ও বিডি ডায়িং। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল আইসিবি, রিলায়েন্স ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, ফাইন ফুডস লিমিটেড ও রেকিট বেনকিজার।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১২ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকার ১১ লাখ ৩৮৭টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫০ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ৭৩৯৩ দশমিক ৭৯ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৭ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে হয়েছে ৪৭২৪ দশমিক ৪৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৬৪৯৬ দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/২২২০ঘ.
bdnews24