২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতি

অধুনা অনেকে মনে করা শুরু করেছেন যে, ডলারের অবমূল্যায়ন করে (ডলারের টাকা মূল্য কমানো) বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করা যাবে। এ ধারনাটি মূল্যস্ফীতির দাপটে দিশেহারা নীতিনির্ধারকবৃন্দের দৃষ্টি আকর্ষন করেছে বলে মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক এম এ তসলিমের মূল্যায়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অধুনা অনেকে মনে করা শুরু করেছেন যে, ডলারের অবমূল্যায়ন করে (ডলারের টাকা মূল্য কমানো) বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করা যাবে। এ ধারনাটি মূল্যস্ফীতির দাপটে দিশেহারা নীতিনির্ধারকবৃন্দের দৃষ্টি আকর্ষন করেছে বলে মনে হয়। মূল্যস্ফীতি হ্রাস করতে পারার সম্ভাবনা রয়েছে এ রকম যে কোন পলিসিই এখন তারা চেষ্টা করে দেখতে প্রস্তুত; যদি সে পলিসি বাস্তবায়নে তেমন কোন মেধাশ্রম বা সম্পদ ব্যয় না করতে হয় তবে তা ততোধিক আকর্ষণীয়। অবমূল্যায়নের ধারণাটি কিছুকাল পূর্বের অতি জনপ্রিয় সিন্ডিকেট (ও মওজুদদারী) তত্ত্বের মতই সহজবোধ্য এবং তাই আকর্ষণীয়। এই সিন্ডিকেট তত্ত্বের উপর বিশ্বাস স্থাপন করে সরকার যে সব ব্যবস্থা নিয়েছিল তার ফলাফল ব্যক্ত করার প্রয়োজন নেই; যেহেতু সবাই ভুক্তভোগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক এম এ তসলিমের মূল্যায়ন। বৈদেশিক মুদ্রার অবমূল্যায়ন (বা টাকার পুনর্মূল্যায়ন) এবং স্থানীয় বাজার দরের মধ্যে সম্পর্কটি একটি প্রাচীন অর্থনৈতিক সূত্রের (ক্রয় ক্ষমতার সমতা) কল্যাণে লব্ধপ্রতিষ্ঠ। এই সূত্র অনুযায়ী একটি আমদানীযোগ্য পণ্যের বাজারদর পণ্যটির আমদানী ব্যয়ের সমান হবে। যেহেতু আমদানী ব্যয় আন্তর্জাতিক মূল্য এবং মুদ্রার বিনিময় হারের গুনফলের সমান (বিভিন্ন শুল্ক ও অন্যান্য খরচ সাপেক্ষে) তাই বৈদেশিক মুদ্রার অবমূল্যায়ন দেশীয় বাজার দর কমাবে যদি আন্তর্জাতিক মূল্য না বাড়ে। এ তত্ত্বে বিশ্বাস স্থাপন করে ইদানিং বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে নিয়ন্ত্রনমূলক হস্তক্ষেপ করেছে। ২৯ অক্টোবর থেকে শুরু করে মাস খানেকের মধ্যেই ব্যাংক ১৮.১৫ কোটি ডলার বাজারে বিক্রি করেছে। এতে ডলারের সাময়িক সরবরাহ কিছুটা বেড়ে গিয়ে ১৯ নভেম্বরের মধ্যে ডলারের ১০ পয়সা অবমূল্যায়ন হয়েছে (ডলার প্রতি ৬৮.৭১ থেকে ৬৮.৬১ টাকা) এবং এরপর গত মাসে ডলারের মূল্যের আর তেমন হ্রাসবৃদ্ধি হয়নি। কিছু শীর্ষ স্থানীয় ব্যাংক অফিসাররা অবশ্য মনে করেন যে শেষ পর্যন্ত ডলারের মূল্য ২০ পয়সা কমবে। বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করার পূর্বে বাংলাদেশ ব্যাংক কোন গবেষণা মূলক কাজ করেছিল কি না তা জানা যায় না। যেহেতু বৈদেশিক মুদ্রার বাজারে ক্রয় বিক্রয় ব্যাংকের মুদ্রানীতির একটি স্বল্প-ব্যবহৃত হাতিয়ার, তাই এটি ধারণা করা অনুচিত হবে না যে এ ধরনের ক্রয় বিক্রয়ের ফলে টাকার মুদ্রামান, সাধারণ মূল্যস্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ন চলকে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কি প্রভাব পড়বে তার উপর একটি গভীর গবেষনামূলক সমীক্ষা করা হবে। কি পরিমান ডলার বিক্রয় করা উচিত তা স্থির করার জন্যও এ ধরনের কাজের প্রয়োজন ছিল। অর্থনৈতিক গবেষণার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি বৃহৎ বিভাগ রয়েছে। তদুপরি বহু অর্থ ব্যয়ে ইদানিং আরেকটি গবেষণা কেন্দ্র খোলা হয়েছে। এ ধরনের গবেষণার জন্য যে ধরনের উপাত্ত প্রয়োজন হয় তার অনেকখানি ব্যাংক নিজেই সরবরাহ করে। কিন্তু এই প্রভূত গবেষণা সম্পদের তেমন কোন সদ্ব্যবহার ব্যাংক করে না। অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের মত গবেষণা কর্মে ব্যাংকের অনীহাই যেন প্রকাশ পায়। অথচ গবেষণায় পারদর্শী না হলে ব্যাংক সঠিক নীতি নির্ধারনে ব্যর্থ হবে এবং বর্তমানের মত ভবিষ্যতেও বৈদেশিক 'পরামর্শের' উপর নির্ভরশীল থেকে যাবে। যদিও ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব অনুযায়ী ১ শতাংশ অবমূল্যায়ন দেশী মূল্যস্তরকে ১ শতাংশ কমায়, বাস্তবে এটি হয়ে থাকে দীর্ঘকাল পরে। স্বল্পকালীন সময়ে নানান প্রতিবন্ধকতার কারনে এটি সচরাচর হয় না। তাই মূল্যস্তরের সাথে অবমূল্যায়নের পরিমাণগত সর্ম্পক স্বল্পকালীন সময়ে কত তা জানা যথোপযুক্ত নীতি নির্ধারনের জন্য আবশ্যক। যদি এ ধরনের প্রতিবন্ধকতা নাও থাকে তবুও অন্তত: ২ শতাংশ অবমূল্যায়ন না হলে তা মূল্যস্তরের উপর দৃশ্যত: কোন প্রভাব রাখবে না। অর্থাৎ ডলারের মূল্যকে যদি ৬৮.৭১ থেকে ৬৭.৩৪ টাকায় নামিয়ে আনা যায় (বা ডলারের মূল্য ১.৩৭ টাকা কমানো হয়) তাহলে হয়ত বাজার দরের উর্ধ্ব গতির দৃশ্যত কিছু উপশম হবে। বাংলাদেশ ব্যাংক ১৮.১৫ কোটি ডলার বিক্রয় করে এক মাসে মাত্র ১০ পয়সা অবমূল্যায়ন ঘটাতে পেরেছে। এই হিসেবে ব্যাংককে প্রায় আড়াই শত কোটি ডলার বিক্রয় করতে হবে যদি ডলারের মূল্য ১.৩৭ টাকা কমাতে হয়। যদি বর্তমান অবমূল্যায়ন ২০ পয়সা হবে এটি বিশ্বাস করা হয় তবুও সোয়াশত কোটি ডলার বিক্রয়ের প্রয়োজন হবে। এই বিরাট পরিমান ডলার রিজার্ভ বিক্রয় করা কি ব্যাংকের জন্য সম্ভব বা যুক্তিযুক্ত? যদি সম্ভব হয়, তবুও এই অবমূল্যায়ন কি খুব বেশিদিন স্থায়ী হবে? প্রশ্নদুটিরই উত্তর সম্ভবত না। যদি ব্যাংক অফিসারদের আশাপূরণ করে শেষ পর্যন্ত ডলারের মূল্য ২০ পয়সা কমে যায়, তবে তা মাত্র ৩/১০ শতাংশ কমবে। এই অতি ক্ষুদ্র অবমূল্যায়নে দেশী বাজার দরের উপর কোনই প্রতিক্রিয়া হবে না। সুতরাং বাজারদর কমাবার জন্য ডলার রিজার্ভ বিক্রী এই ধারণাটি বাস্তবায়নে ব্যাংক যে পরিমাণ ডলার বিক্রয় করছে তা দিয়ে সম্ভব হবে না। যদিও যেটুকু অবমূল্যায়ন হয়েছে তা বাজার দরের উপর তেমন কোন প্রভাব ফেলবে না, কিন্তু এটি দেশের গুরুত্বপূর্ণ পোষাক শিল্পের উপর বেশ খানিকটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে পোষাক শিল্পে মোট উৎপাদন/রপ্তানী মূল্যের প্রায় ৭ শতাংশ মুনাফা অর্জিত হয়। অর্থাৎ প্রতি ডলার (৬৮.৭১ টাকা) পোষাক রপ্তানীতে শিল্প মালিকেরা ৪.৮১ টাকা মুনাফা পায়। যদি ডলারের মূল্য ২০ পয়সা কমে তবে এই মুনাফা কমে ৪.৬১ টাকা হবে যেহেতু অন্যান্য খরচ অবমূল্যায়নের সাথে কমে যাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং এই অবমূল্যায়নের কারনে পোষাক শিল্প মালিকদের মুনাফা গড়ে ৪.২ শতাংশ কমে যাবে। যদি ডলারের ৫০ পয়সা অবমূল্যায়ন হতো তবে গড় মুনাফার হার ১০ শতাংশ কমে যেতো। মুনাফার এই হ্রাস অনিবার্যভাবে পোষাক শিল্পের উপর নেতিবাচক প্রভাব রাখবে এবং বেশ কিছু শিল্পপতিকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। ডলারের অবমূল্যায়ন অন্যান্য রপ্তানী শিল্পকে আন্তর্জাতিক বাজারে অপ্রতিযোগী করে ফেলে তাদের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। রপ্তানী অনুৎসাহিত হবে এবং সামগ্রিক রপ্তানী কমে যাবে। ডলার অবমূল্যায়নের প্রধান সমস্যা এই নয় যে দ্রব্য মূল্য কমবে না, বরং তা হলো এই যে এই অবমূল্যায়ন বেশী দিন টিকবে কিনা তা সন্দেহজনক। বাংলাদেশে টাকার মূল্যমান এবং রিজার্ভের সাথে একটি সর্ম্পক রয়েছে  রিজার্ভের পরিমাণ যখন বেশী থাকে তখন টাকা জোরদার হয় আর উল্টোটা হয় যখন রিজার্ভ কমে যায়। ডলার বিক্রি বাজারে ডলারের সরবরাহ তাৎক্ষনিকভাবে বাড়িয়ে দিয়ে অবমূল্যায়নের সূত্রপাত করে। কিন্তু একই সাথে রিজার্ভের পরিমানও কমে যায় এবং ভবিষ্যতের সরবরাহে নিম্নমুখী চাপের সৃষ্টি হয়। ডলার অবমূল্যায়ন স্বভাবতই আমদানীকে উৎসাহিত করবে। যেহেতু রপ্তানীও কমে যাবে তাই বাণিজ্য ঘাটতি ডলার অবমূল্যায়নের কারণে বেড়ে যাবে। এইসব কারনে প্রাথমিক অবমূল্যায়নের পর ডলার মূল্যের উপর বিপরীত শক্তি কাজ করা শুরু করবে এবং ডলারের পুরানো মূল্যের দিকে ফিরে যাবার প্রবণতা থাকবে। সুতরাং এই অবমূল্যায়নকে বেশী দিন ধরে রাখা যাবে না। এই কারণে অবমূল্যায়ন বাজার দরকে হ্রাস করারও তেমন সুযোগ পাবে না। যে কথাটি বাংলাদেশ ব্যাংক একেবারেই উল্লেখ করেনি তা হলো এই যে ডলার বিক্রির ফলে বাজারে দেশী মুদ্রার সরবরাহ কমে যাবে। অর্থাৎ প্রকারান্তরে ডলার রিজার্ভ বিক্রী একটি মুদ্রা সংকোচনমূলক মুদ্রানীতি। সুতরাং এই অবমূল্যায়নের আড়ালে ব্যাংক (অজ্ঞাতসারে!) প্রকৃতপক্ষে আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের মুদ্রা সংকোচন নীতির পরামর্শেরই বাস্তবায়ন করছে। অথচ মাত্র অল্প কয়েকদিন আগেই ব্যাংক ঘোষনা দিয়েছিল যে তারা তহবিলের পরামর্শ মানবে না এবং দেশের মন্দা অবস্থা বিবেচনায় মুদ্রা প্রসারণের ব্যবস্থা নেবে। যদিও ডলার রিজার্ভ বিক্রি বাংলাদেশ ব্যাংককে তার জনসমক্ষে দেয়া প্রতিশ্র"তি ভাঙ্গতে বাধ্য করছে (এ ধরনের প্রতিজ্ঞা করাই উচিত হয়নি), এর ফলে মুদ্রাসংকোচনের কারনে মুদ্রাস্ফীতি কমে যাবে। যে পরিমাণ ডলার বিক্রি হয়েছে তা প্রায় ৫৮০০ কোটি টাকার মুদ্রা সরবরাহ কমাবে অর্থাৎ মুদ্রাসরবরাহ ২.৭ শতাংশ কমে যাবে। এই পরিমাণ মুদ্রা সংকোচন অবধারিত ভাবেই সার্বিক চাহিদা হ্রাস করে মুদ্রাস্ফীতির আশঙ্কার (বীঢ়বপঃধঃরড়হং) লাগাম টেনে ধরবে। এর ফলে অবশেষে মূল্যস্ফীতি কমে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সাহায্য করবে। কিন্তু এই মূল্যহ্রাস হবে মুদ্রা সংকোচনের কারণে; অনেকে যেটা মনে করছেন সেই অবমূল্যায়নের কারণে নয়। মুদ্রাস্ফীতি একটি মুদ্রা সংক্রান্ত চলক, সুতরাং চুড়ান্তে মুদ্রাই এর পরিমাণ নির্ধারন করবে। বৈদেশিক মুদ্রার বাজারে নিয়ন্ত্রনমূলক হস্তক্ষেপের প্রভাবগুলো সরল এবং সহজবোধ্য নয় যদিও অনেকে তাই মনে করতে চাইবেন। এই প্রভাব গুলো বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল যার প্রতিটিই বেশ জটিল। যেহেতু মুদ্রানীতি কাজ করতে দীর্ঘকাল সময় নেয় এবং অর্থনীতিতে অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব রাখে তাই যথেষ্ঠ গবেষণার পূর্বে এ ধরনের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। যে উদ্দেশে নীতি নেয়া হয়েছে তা বাস্তবায়িত হবে তার যথেষ্ট নিশ্চয়তা যে কোন নীতি গ্রহণের পূর্বে থাকা উচিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএটি/জিএনএ/১৪১৩ ঘ.