২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে দরপতন অব্যাহত

বিদ্যুৎ খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমায় সোমবারও শেয়ার বাজারে দরপতন হয়েছে। দিনের শুরুতে সাধারণ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনের মাঝামাঝিতে পরিস্থিতির উন্নতি হলেও শেষভাগে আবারও সূচক পড়ে যায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমায় সোমবারও শেয়ার বাজারে দরপতন হয়েছে। দিনের শুরুতে সাধারণ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনের মাঝামাঝিতে পরিস্থিতির উন্নতি হলেও শেষভাগে আবারও সূচক পড়ে যায় । পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "বাটা সু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করার পর থেকে শেয়ারের দাম বাড়া শুরু হয়। বাজারের অবস্থা এখন যথেষ্ট স্বাভাবিক। বিভিন্ন শেয়ারের দাম ওঠা-নামার মধ্য দিয়ে মিশ্রভাবে দিনটি পার হয়েছে। তবে ঈদের আগে যমুনা বা মেঘনা তেল কোম্পানির শেয়ার বাজারে আসবে না বলেই মনে হচ্ছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২২ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ২৯০৬ দশমিক ২৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে হয়েছে ২৪৫৫ দশমিক ৪৭ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ২৩০৬ দশমিক ০৬ পয়েন্ট হয়। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১০০ কোটি টাকার ৪৪ লাখ ৪৫ হাজার ৪৯৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৫১ শতাংশ কমে ৪৮১৮ টাকা ২৫ পয়সা হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা এসিআই এর শেয়ারের দাম ৩ দশমিক ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ১৮৬ টাকা ১০ পয়সা। এছাড়া ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড এর শেয়ারের দাম ২ দশমিক ৫৭ শতাংশ কমে ১৪৭৬ টাকা ২৫ পয়সা হয়েছে। বিদ্যুৎ খাতে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ২৮ শতাংশ কমে ৬৭৩ টাকা ৫০ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দামও কমেছে। মুনাফা তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ার এক দশমিক ১৯ শতাংশ কমে ১৫২৫ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিওসি বাংলাদেশ ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম কমেছে, বেড়েছে বার্জার পেইন্ট ও বিএটিবিসি'র দাম। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম দিকে ছিল কাই অ্যান্ড কিউ, বিডি অটোকারস, এইচআর টেক্সটাইল, আইসিবি ও মেঘনা শ্রিম্প। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল রিলায়েন্স লাইফ ইন্সুরেন্স, গালফ ফুডস, পদ্মা অয়েল কোম্পানি, বঙ্গজ ও আমাম সি ফুডস। ওষুধ ও চামড়া খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭২টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৪২ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ৭৪৪৩ দশমিক ৮৩ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৪ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে হয়েছে ৪৭৫২ দশমিক ৪৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৭ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ৬৫০৭ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০৩৫ ঘ.