ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান ও পোর্টফোলিও ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সোমবার বিকেলে এসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের এক বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
এর আগে ঋণ ছাড়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেলা সোয়া ১১টার দিকে এসইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ হয়।
বিকেলে এসইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ফরহাদ আহমেদ বলেন, "ডিএসই কর্মকর্তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শটি যৌক্তিক মনে করায় এসইসি তা বাস্তবায়ন করেছে।"
এ ব্যাপারে ডিএসই ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই পদক্ষেপের কারণে বিরাজমান অস্বাভাবিক অবস্থা কেটে যাবে বলে আমরা আশা করছি।"
গত ১৯ নভেম্বর ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান ও পোর্টফোলিও ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি।
এর প্রতিবাদে সোমবার সকালে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ চলার সময় ডিএসইতে এক ঘণ্টা লেনদেন বন্ধ ছিল।
তবে ডিএসই ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, যান্ত্রিক ত্র"টিই ছিল ওই সময় লেনদেন বন্ধ থাকার কারণ।
মতিঝিল থানার সহকারি উপ পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/১৯৩৩ঘ.
bdnews24