২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের শুরুতেই ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুর চাঙা বাজার মাঝবেলাতে এসে স্তিমিত হয়ে পড়ে। আর তাই সূচকও হয়ে পড়ে নিুমুখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শুরুতেই ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুর চাঙা বাজার মাঝবেলাতে এসে স্তিমিত হয়ে পড়ে। আর তাই সূচকও হয়ে পড়ে নিুমুখী। দুপুর ১২টা ৫২ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১১৫ দশমিক ২৭ পয়েন্ট বা তিন দশমিক ৮৭ শতাংশ কমে দুই হাজার ৮৫৫ দশমিক ৮৪ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৯৩ দশমিক ০৭ পয়েন্ট বা তিন দশমিক ৭ শতাংশ কমে দুই হাজার ৪১৮ দশমিক ২৪ পয়েন্টের ঘরে পৌঁছে। লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১৭৮টির এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনে শীর্ষে ছিল সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংক এর শেয়ার। এ ব্যাংকটির শেয়ারের দাম অবশ্য পাঁচ হাজার ১৪৭ টাকা থেকে কমে দিনের মাঝামাঝি চার হাজার ৮৩৯ টাকায় দাঁড়ায়। এ ছাড়া বাজারে লেনদেনে সক্রিয় থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৫৭৯ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ৫৩৬ টাকায় এবং ইসলামী ব্যাংকের শেয়ার এক হাজার ৬৩৬ টাকা থেকে কমে এক হাজার ৪৯৯ টাকা ৭৫ পয়সায় দাঁড়ায়। কমেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দামও। এ কোম্পানির শেয়ার ৬৯৪ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৬৭৮ টাকা হয়। ওষুধ খাতের কোম্পানির মধ্যে সবচেয়ে সক্রিয় স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ৩২০ টাকা থেকে তিন হাজার ১৮৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। বাজারে মোটামুটি লেনদেন হয়েছে এমন কোম্পানির মধ্যে উত্তরা ব্যাংক, গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, বিওসি বাংলাদেশ এর শেয়ারের দাম কমেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৪৫২ঘ.