ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাণ সংস্থা বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ১২ টি উড়োজাহাজ বিক্রি করতে চায়। বিমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে বোয়িং কোম্পানীর প্রতিনিধি দল বুধবার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটিকে এই প্রস্তাব দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ও পুরোনো উড়োজাহাজ মিলিয়ে বোয়িং কোম্পানী বিমানকে ১২ টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭৮৭ ও ৭৭৭ মডেল। তাদের দাবি, বোয়িং - ৭৮৭ এর জ্বালানি খরচ তুলনামুলকভাবে কম।
বিমান এ প্রস্তাবে সাড়া দিলে ২০১১ সাল নাগাদ তারা উড়োজাহাজগুলো সরবরাহ করতে সক্ষম বলে বোয়িং জানিয়েছে।
বিমানের ওই কর্মকর্তা আরও জানান, বোয়িং কোম্পানীর প্রস্তাবের বিষয়ে বুধবার রাতেই বিমান পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। তবে এতে উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিমানের ক্রয় সংক্রান্ত কমিটির মতামতের পরেই নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, মাস চারেক আগে বিমান চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার পর কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। তবে আশাব্যঞ্জক সাড়া মেলেনি বলে তারা এখন সরাসরি কোনো উড়োজাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। বিমানের পরিকল্পনায় রয়েছে, ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনো উড়োজাহাজগুলোকে বিক্রি করে দেওয়া।
বিমানের পাঁচটি ডিসি - ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ - ২৮ উড়োজাহাজ অন্তত ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো ছোটখাট যান্ত্রিক ত্র"টির কারণে বিকল হয়ে পড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএসবি/এসকে/২২২৬ ঘ.
bdnews24