ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ দুই কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এসইসি'র এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, "বর্তমানে শেয়ার বাজারের পরিপক্কতার বিবেচনায় এসব প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত পরিশোধিত মূলধনের পরিমাণ খুবই কম। দশ বছর আগের তুলনায় এখন তাদের ঝুঁকি ও কার্যক্রমের পরিধি বেড়েছে।"
তিনি জানান, পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোকে করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারি গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলোকে করপোরেট প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।
পরিশোধিত মূলধনের ক্ষেত্রে প্রথম বছর ব্যাংকগুলোকে ছয় কোটি টাকা এবং দ্বিতীয় বছর বাকি চার কোটি টাকা বাড়াতে হবে হবে বলে তিনি জানান।
অবশ্য তিনি বলেন, "যেসব প্রতিষ্ঠান শুধু শেয়ার ব্যবস্থাপনার কাজ করে তাদের বেলায় পরিশোধিত মূলধন ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলো এক বছর সময় পাবে।"
এছাড়া অবলেখক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিশোধিত মূলধন এক কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করারও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, এর ফলে বাজারে গুণগত পরিবর্তন আসবে। মূলধনের এই নতুন হার ব্যাংকগুলোকে শক্তিশালী করবে।
এসইসি'র পরামর্শক কমিটির সদস্য হিসেবে ডিএসই নির্বাহী বলেন, "বাজারের আকার বড় হচ্ছে। সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি বজায় রাখতে মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। প্রস্তাবিত আইনে নিবন্ধন ধরে রাখতে মার্চেন্ট ব্যাংকগুলোকে অবশ্যই সক্রিয় থাকতে হবে।"
বৈঠকে যমুনা অয়েল ও মেঘনা পেট্রেলিয়ামকে ২০০৭ এর ৩০ জুন পর্যন্ত ছয় মাসের অডিট প্রতিবেদন জমা দান থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এসইসি। এর আগে ২০০৬ এর ৩০ জুন পর্যন্ত অডিট প্রতিবেদন জমা দিয়েছিল যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম।
নিয়ম অনুযায়ী, বাজারে শেয়ার ছাড়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে এসইসির কাছে তাদের শেষ ছয় মাসের অডিট প্রতিবেদন দাখিল করতে হয়।
ফরহাদ আহমেদ জানান, বাজারে শেয়ারের চাহিদা বিবেচনা করে এই দুটি প্রতিষ্ঠানকে অডিট প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা থেকে আমরা অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রতিষ্ঠানগুলো তথ্য প্রকাশ ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি করতে পারবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২৩০৮ ঘ.
bdnews24