২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাতের ওপর ভর করে শেয়ার বাজার চাঙা

দিনের শেষভাগে ব্যাংকিং খাতের শেয়ার বিক্রি বাড়ার কারণে সোমবার শেয়ার বাজারে লেনদেন বেড়েছে। লেনদেন বাড়ায় নেতৃত্ব দেয় ব্র্যাক ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শেষভাগে ব্যাংকিং খাতের শেয়ার বিক্রি বাড়ার কারণে সোমবার শেয়ার বাজারে লেনদেন বেড়েছে। লেনদেন বাড়ায় নেতৃত্ব দেয় ব্র্যাক ব্যাংক। দিনের শুরুতে বাজার চাঙা থাকলেও মুনাফা তুলে নেওয়ায় মাঝ বেলাতে সূচক পড়ে যায়। তবে দিনের শেষ ভাগে লেনদেনে আবার গতি ফিরে আসে। এস এ আর সিকিউরিটিজ এর বাজার বিশ্লেষক শরীফ আতাউর রহমান বলেন, "কিছু শেয়ারের নড়বড়ে অবস্থা বাদ দিলে বাজার মোটামুটি ভালো অবস্থায় রয়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৯৬০ দশমিক ২৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ২৫০৫ দশমিক ২৬ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২১ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ২২৯৩ দশমিক ৮১ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৩ কোটি টাকার এক কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়ে হয়েছে ১৬৩৯ টাকা ৭৫ পয়সা। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১১১৩ টাকা ৭৫ পয়সা হয়। ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৬০৭৮ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। বিদ্যুৎ খাতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ৬৩৭ টাকা ৫০ পয়সা। সামিট পাওয়ারের শেয়ার দশমিক ৮১ শতাংশ বেড়ে ১৫৪৬ টাকা ৭৫ পয়সা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংক, এক্সিম ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। এছাড়া ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কেয়া কসমেটিকসের শেয়ারেরও দাম বেড়েছে। তবে মুনাফা তুলে নেওয়ায় লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩৩ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার ৩০ লাখ ৩৯ হাজার ৩১২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫২টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৮৫৪ ঘ.