ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় সোমবার দিনের শেষ ভাগে ঢাকার শেয়ার বাজার পড়ে যায়।
দিনের শুরুতে বাজার চাঙা ছিল। তবে বিনিয়োগকারীরা ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রি বাড়িয়ে দিলে দিনের শেষ ভাগে সূচকের পতন হয়।
এইমস বাংলাদেশের বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "দিনশেষে সূচকের পতন হলেও সার্বিকভাবে বাজারের আচরণ স্বাভাবিক ছিল।"
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ কমে ২৮৭০ দশমিক ৩০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে হয় ২৪৩৮ দশমিক ৫৭ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ২২২০ দশমিক ৯৩ পয়েন্ট হয়।
দিনশেষে ডিএসই -তে ১৯৭ কোটি টাকার এক কোটি ২৮ লাখ ৫১ হাজার ৬৬৪টি শেয়ার লেনদেন হয়। ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫১ শতাংশ কমে হয়েছে ১৫০০ টাকা ৫০ পয়সা।
মুনাফা তুলে নেওয়ায় সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম কমেছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম হয় ৪৯৬ টাকা ৫০ পয়সা। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ২০ শতাংশ কমে ১১০৪ টাকায় পৌঁছে। ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫০ শতাংশ কমে ১০৪১ টাকা হয়। শেয়ার কেনার চাপ থাকায় ন্যাশনাল ব্যাংকের দাম বাড়লেও ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বিদ্যুৎ খাতে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬২৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। এছাড়া ডেসকোর শেয়ারের দামও বেড়েছে।
ওষুধ খাতে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম বাড়লেও অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থা ছিল মিশ্র। ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান খাতে আইডিএলসি ফাইন্যান্স কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার ২৬ লাখ ৪৫ হাজার ২৪২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬০টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/১৯৪৭ঘ.
bdnews24