২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক ঢাকায়

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জেলিক দুদিনের এক সফরে শনিবার ঢাকায় এসেছেন। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারত হয়ে শনিবার বিকাল সাড়ে ৫টায় একটি বিশেষ বিমানে তিনি বাংলাদেশ আসেন। এর আগে তিনি পাকিস্তান সফর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জেলিক দুদিনের এক সফরে শনিবার ঢাকায় এসেছেন। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারত হয়ে শনিবার বিকাল সাড়ে ৫টায় একটি বিশেষ বিমানে তিনি বাংলাদেশ আসেন। এর আগে তিনি পাকিস্তান সফর করেন। বিমান বন্দরে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, অর্থ সচিব মোহাম্মদ তারেক, অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়াসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি হোটেল র‌্যাডিসনে যান। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে শেরে বাংলানগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন উপদেষ্টা। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকার আবাসিক অফিস পরিদর্শন করবেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১ টায় রবার্ট বি জেলিক ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) পরিদর্শনের জন্য সাভার যাবেন। সেখান থেকে ফিরে তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিশ্বব্যাংক প্রধান গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে র‌্যাডিসন হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। রাতে তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জেলিকের সঙ্গে বিশ্বব্যাংকের আরও তিন উর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসছেন। তারা হলেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক দেবেন্দু কুমার ও ওয়াশিংটনে অবস্থানরত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বাংলাদেশের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআরএফ/এমএআর/এমএ/১৮৪৫ ঘ.