ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচকে পতন ঘটেছে। সারাদিনই পুঁজিবাজার ছিল অস্থিতিশীল।
বাজার শুরুর প্রথম আধঘণ্টার মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো লভ্যাংশ তুলে নেওয়ায় ডিজিইএন সূচক ৫০ পয়েন্ট কমে যায়। দিনের মাঝামাঝি সময়ে লেনদেনে কিছুটা গতি ফিরলেও শেষভাগে বিনিয়োগকারীরা লেনদেন কমিয়ে দিলে মন্দার মধ্যেই দিন শেষ করে পুঁজি বাজার।
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধনের চেয়ে বেশি ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও বাজার যথেষ্ঠ স্থিতিশীল ছিল। এতে বোঝা যায়, বিনিয়োগকারীরা এখনও বিনিয়োগে আগ্রহী।"
অবশ্য এইমস বাংলাদেশ এর প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "সারাদিন বাজার অস্থির ছিল। তবে এটা কৃত্রিম নয়। দিনের শুরুতেই বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়। তবে শেষভাগে আশাবাদীরা শেয়ার কেনায় আগ্রহী ছিল।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে ২৮৫৬ দশমিক ৫১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ২৪২৭ দশমিক ৮১ পয়েন্ট। আর ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৬ দশমিক ৭৯ পয়েন্ট বা এক দশমিক ২১ শতাংশ কমে ২১৮১ দশমিক ০৯ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২১ কোটি টাকার এক কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৮৮টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
বুধবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ০৯ শতাংশ কমে হয়েছে ১১৩০ টাকা ৭৫ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১৭ শতাংশ কমে ১৫০৭ টাকা ৭৫ পয়সা হয়। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম ১৭ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৪২৫ টাকা ৫০ পয়সা হয়। বোনাস শেয়ার ছাড়া হতে পারে এমন গুঞ্জনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে।
এছাড়া গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৭৮ টাকা ৭০ পয়সা হয়।
এদিকে ডেসকোর শেয়ার ৮ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৩২৭ টাকা ২৫ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দামও বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার সূচকগুলো মিশ্রভাবে দিন পার করেছে। এর মধ্যে সিএএসপিআই বা সিএসই'র শেয়ারের সার্বিক মূল্যসূচক বেড়েছে। সিএসইতে ৩৩ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকার ৩০ লাখ ৬৫ হাজার ৯৩৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৮টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২০৫ ঘ.
bdnews24