২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড নিয়েই দিন শেষ করল পুঁজিবাজার

ব্যাংক ও বিদ্যুৎ খাতের আকর্ষণীয় শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত থাকায় মঙ্গলবার ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্যসূচক প্রথমবারের মতো ২৮০০ পয়েন্ট সীমা পার করেছে। এছাড়া ডিএসআই বা শেয়ারের সার্বিক মূল্য সূচকও প্রথমবারের মতো ২৩০০ পয়েন্ট সীমা পার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও বিদ্যুৎ খাতের আকর্ষণীয় শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত থাকায় মঙ্গলবার ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্যসূচক প্রথমবারের মতো ২৮০০ পয়েন্ট সীমা পার করেছে। এছাড়া ডিএসআই বা শেয়ারের সার্বিক মূল্য সূচকও প্রথমবারের মতো ২৩০০ পয়েন্ট সীমা পার করে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪০ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ বেড়ে ২৮০২ দশমিক ৬০ পয়েন্ট হয়। এর আগে ৭ অক্টোবর ডিজিইন সূচক ২৭০০ পয়েন্ট সীমা পার করে। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "বিনিয়োগকারীদের মনোভাব খুবই চাঙা রয়েছে। করবিহীন তহবিল তৈরির সুযোগ নিতে অনেক বিনিয়োগকারীই শেয়ার বাজারে আসছেন। এছাড়া বিনিয়োগকারীদের একটি অংশ, যারা আগে মুনাফা করেছিলেন, তারা আবার পুঁজি বাজারে বিনিয়োগ করছেন।" অবশ্য এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, এ ঘটনাকে 'খুবই অস্বাভাবিক' মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৫ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ২৩৩২ দশমিক ৩৫ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৭ দশমিক ২৬ পয়েন্ট বা এক দশমিক ২৮ শতাংশ বেড়ে ২১৫৬ দশমিক ৪৪ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৫ কোটি টাকার এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে ১৪৩৬ টাকা। এটাই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দাম। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯০৪ টাকা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম দুই দশমিক ৩৪ শতাংশ বেড়ে রেকর্ড ৩২৩৬ টাকা ৭৫ পয়সায় দিন শেষ করেছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ডেসকোর শেয়ার পাঁচ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১২৭২ টাকা ৭৫ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম তিন দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৫৩৭ টাকা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এছাড়া ওষুধ খাতে স্কয়ার ফার্মা ও মিউচুয়াল ফান্ড খাতে গ্রামীণ- ১ মিউচুয়াল ফান্ড দাম বাড়ায় নেতৃত্ব দেয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক আবারও রেকর্ড উচ্চতায় দিনশেষ করেছে। সিএসইতে ৪৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার ৪৮ লাখ ৬৯ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৩টির দাম কমেছে এবং আটটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২১২০ ঘ.