ব্র্যাক ব্যাংকের অভিষেকে ১৫৮ কোটি টাকার রেকর্ড গড়লো শেয়ারবাজার
শেয়ারবাজারে অভিষেকেই বাজিমাত করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। সুবাদে ইতিহাস গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জও। বুধবার ঢাকার শেয়ারবাজারে ১৫৮ কোটি টাকা লেনদেনের নতুন এক রেকর্ডের পেছনে মূল ভূমিকা ছিল ব্র্যাক ব্যাংকের।
ব্যাংকের প্রতিটি শেয়ার প্রস্তাবিত দামের তিনগুণে বিক্রি হয়েছে। প্রস্তাবিত শেয়ারমূল্য ১৭০ টাকা হলেও তা বিক্রি হয়েছে ৫৩১ টাকা ৫০ পয়সা দরে। প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের আস্থাই এই সাফল্যের কারণ বলে মানছেন বোদ্ধারা।
এত চড়া দরেও ব্র্যাকের শেয়ার বিক্রি করেননি অনেকেই। এদের একজন আবদুল মান্নান বলেছেন, “২০০৬ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। এ বছর তা দ্বিগুণ হতে পারে। তাই শতভাগ লভ্যাংশ আশা করতেই পারি আমি।”
২০০৬ সালে শেয়ারপিছু ১৫ টাকা ৭৫ পয়সা আয় এবং ১৭২ টাকা ৩১ পয়সা মোট সম্পদ দরের (নেট অ্যাসেট ভ্যালু) ঘোষনা দিয়েছিল ব্র্যাংক ব্যাংক। ব্যবসায় সম্প্রসারণ ও বহুমুখীতার কারণে শেয়ার মূল্য আরো বাড়বে বলে আশাবাদী বিনিয়োগকারীরা।
৪৯ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার এযাবত কালের সর্বোচ্চ ব্যবসা করে একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের ইতিহাসও নতুন করে লিখিয়েছে ব্র্যাক ব্যাংক। এ সুবাদেই ২৪ জানুয়ারি গড়া ১৪০ কোটি টাকা লেনদেনের রেকর্ড ভেঙে গেছে বুধবার। সোমবার ডিএসইর সার্বিক লেনদেনের পরিমান ছিল ৮৯ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন ২৪ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা।
ব্র্যাকের এই মারমার কাটকাট ব্যবসাকে স্বাগত জানিয়েছে প্রতিদ্বন্দ্বীরাও। এআইএমএস অব বাংলাদেশ--এর প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ বলেছেন, “আমরা ব্র্যাক ব্যাংককে স্বাগত জানাচ্ছি। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামের এই উর্ধ্বগামীতা আসলে বাজারে ভালো শেয়ারের দীনতার ছবিটাই তুলে ধরেছে। বাজারে আরো ভালো মানের শেয়ার থাকলে নিশ্চয়ই ওরা এত ভালো করত না।”
ব্র্যাকের শেয়ার কিনতে ছোট বিনিয়োগকারীদের হুড়োহুড়িতে বেশিরভাগ অন্য শেয়ারের দাম পড়ে গেছে। শুধু মিউচুয়াল ফান্ড ও জ্বালানী খাতের শেয়ারগুলোতেই ব্র্যাক ব্যাংকের বিজয়াভিযান কোনো আচড় কাটতে পারেনি। তারপরও পড়তি শেয়ারগুলো সংখ্যায় বেশিই ছিল বুধবার। ডিএসইতে ৪৭টি শেয়ারের দাম বেড়েছে এদিন, কমেছে ১৪০টির এবং নড়চড় হয়নি ১৮টির দাম।
ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ২৯ দশমিক ৩৮ পয়েন্ট বা শতকরা ১ দশমিক ৬৫ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ১৮০৫ দশমিক ১১ পয়েন্টে। ২০০৫ সালের ফেব্র“য়ারিতে একই স্থানে ছিল তা।
ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ১৯ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ ভাগ কমে দাঁড়িয়েছে ১৪৭৩ দশমিক ৬১ পয়েন্টে।
বিক্রির তোড়ে ডিএসই ভালো মানের শেয়ারের সূচক ১৬ দশমিক ৮১ পয়েন্ট বা ১ দশমিক ০৯ ভাগ কমে হয়েছে ১৫৩১ দশমিক ৫৬ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ০৪ ভাগ বেড়ে হয়েছে ৪০৭৮ দশমিক ৬৫ পয়েন্ট। সিএসই ভালোমানের শেয়ার সূচক ১৭ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৪৯ ভাগ কমে হয়েছে ৩৫৮১ দশমিক ১২ পয়েন্ট। তবে বাছাইকৃত শেয়ারের সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ০৫ ভাগ বেড়ে হয়েছে ২৬৭৪ দশমিক ৫১ পয়েন্ট।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ডেসকো, গ্রামীন ১ মিউচুয়াল ফান্ড এবং এআইএমএস১ মিউচুয়াল ফান্ড ব্র্যাক ব্যাংকের পরই ছিল শীর্ষ লেনদেন হওয়া কোম্পানিদের তালিকায়। এছাড়া পুবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও সামিট পাওয়ার আগের অবস্থান থেকে অগ্রসর হয়েছে। নেমে গেছে স্কয়ার টেক্সটাইল এবং সাউথইস্ট ব্যাংক।
ডিএসইতে দাম বাড়ায় শীর্ষে ছিল গ্রামীণ এক নম্বর মিউচ্যুয়াল ফান্ড, এআইএমএস ১ মিউচ্যুয়াল ফান্ড ও ওয়াটা কেমিক্যালস। ফাইন ফুডস, মডার্ন সিমেন্ট অ্যান্ড পেপার প্রোসেসিং ছিল ব্যর্থদের তালিকায় ওপরে।
সিএসইতে ২৭টি শেয়ারের দাম বেড়েছে, ৫৭টির কমেছে এবং অপরিবর্তিত থেকেছে দুইটি।
