২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কয়েকটি নকল কারখানায় অভিযান, গ্রেপ্তার ৭

সাভারে নকল সার, বিস্কুট, মাশরুম স্যুপ, বেলের জুস, সন্দেশ ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। জব্দ ও ধ্বংস করা হয়েছে মেশিনপত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও উপকরণ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 12:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সেনাসূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথবাহিনী  প্রথমে পৌর এলাকার ছায়াবিথী মহল্লার সি ব্লকের ৭/৯ নং বাড়িতে এই অভিযান চালায়। তারা সেখানে ‘এ আর মল্লিক এন্ড কোম্পানি’ নামে একটি নকল সার কারখানায় ঢুকে সুপারভাইজার শাহেদ আলী (২৭) ও ইনচার্জ জাফর ইকবালকে(২৪) গ্রেপ্তার করে। এখান থেকে জব্দ করা হয় সালফার ও লালন সার তৈরির ১২০০ বস্তা উপকরণ, ১০০ বস্তা নকল সার, ৩টি ক্রাশ মেশিন, ৪টি মিক্সার মেশিনসহ আরো কিছু যন্ত্রপাতি।

পরে পার্শ্ববর্তী ‘আপন এন্ট্রার প্রাইজ’ নামের কারখানায় অভিযান চালিয়ে নকল মাশরুম স্যুপ, আদার গুঁড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এখানে গ্রেপ্তার করা হয় ফকরুল ইসলাম রিপন (২৭), পলাশ (২৪), আজাদ (২২), সিদ্দিক (২৮), ও হুমায়ুন কবীর রতনকে (৩০)। এরপর পাশের বাড়িতে সন্ধান মেলে বেলের নকল জুস তৈরির কারখানার। এখান থেকে ১০ ড্রাম নকল জুসসহ বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়।

যৌথবাহিনী এরপর পার্শ্ববর্তী খোকন বেকারিতে অভিযান চালিয়ে ভেজাল পাউরুটি, বিস্কুট গুঁড়িয়ে দেয়। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমিন মার্কেটের পিছনে আবুল হোসেনের নকল সন্দেশ তৈরির কারখানাও গুঁড়িয়ে দেওয়া হয়। আবুল হোসেন পালিয়ে যায়।

অনেক রাত পর্যন্ত চলা অভিযানের সর্বশেষ খবরে জানা গেছে, ছায়াবিথী মহল্লার বি--৫৪/২ নম্বরের এইচআর ভিলায় অভিযান চালিয়ে ‘এরিয়া হেলথ’ (আয়ুর্বেদ) নামের একটি ভেজাল ভেষজ ওষুধ তৈরির কারখানার মেশিনপত্র ও ওষুধপত্র ধ্বংস করা হয়।