সরকারের রাজস্ব আয়--ব্যয় কাঠামো নাজুক: সিপিডি
সৎ ও যোগ্য প্রার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি ‘১২ দফা কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মসূচি’ বাস্তবায়নের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
চলতি অর্থ বছরে সরকারের রাজস্ব আয়--ব্যয় কাঠামো নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে সংস্থাটি বলেছে, আমদানি শুল্ক কমে যাওয়ার কারণেই রাজস্ব ঘাটতি হয়েছে। রাজস্ব আয় বাড়ানোর জন্য পুরো কর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। তবে বর্তমানে রাজস্ব আয়--ব্যয়ের মধ্যে কিছুটা ভারসাম্য এসেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশকালে সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য তার সংস্থার পর্যবেক্ষণ ও সুপারিশমালা তুলে ধরেন।
কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মসূচির ১২ দফা দাবির উল্লেখযোগ্য হচ্ছে -- অ্যান্টি মানি লন্ডারিং আইন অধিকতর কার্যকর করা, নির্বাচনে জনপ্রতিনিধি হতে আগ্রহী ব্যক্তিদের অতীতের করের মাধ্যমে কালো টাকা বৈধ করা সম্পর্কিত তথ্য প্রকাশ, বর্তমান পদ্ধতির পরিবর্তন করে ঋণখেলাপির নতুন সংজ্ঞা নির্ধারণ ও নির্বাচনে ঋণখেলাপীদের অংশগ্রহণ হ্রাসে আরও কঠোর আইন প্রণয়ন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পরিবর্তনের মাধ্যমে তথ্য প্রকাশের সুবিধা সংযোজন, তথ্য প্রাপ্তি আইন প্রণয়ন, সরকারি ক্রয় আইনের বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলোর জন্য আইনী কাঠামো প্রণয়ন এবং বিদ্যুৎ খাতের জন্য স্বল্প ও মধ্য মেয়াদি কর্মসূচি বাস্তবায়ন প্রভৃতি।
এসব দাবির বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে তথ্য উপস্থাপনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য “নির্বাচন প্লাস” অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সুপারিশ করে সিপিডি।
দেবপ্রিয় বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য প্রচলিত নির্বাচনী কার্যক্রমের বাইরে তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক প্রতিষ্ঠানের সংস্কার ও দুর্নীতি দমন কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, নির্বাচন সম্পর্কিত আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া উচিত।
চলতি অর্থ বছরের সরকারের রাজস্ব আয়--ব্যয় কাঠামো নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমদানি শুল্ক কমে যাওয়ার কারণেই রাজস্ব ঘাটতি হয়েছে। তবে ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার উন্নয়ন ব্যয় হ্রাস করায় রাজস্ব আয়--ব্যয়ের মধ্যে কিছুটা ভারসাম্য এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উন্নয়ন বহির্ভুত খাতে বার্ষিক লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ অর্থাৎ ২১ হাজার ৮২০ কোটি টাকা ইতোমধ্যে ব্যয় করা হয়ে গেছে।
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, রাজস্ব ব্যয় সংকোচনের সুযোগ অত্যন্ত কম। তাই উন্নয়ন ব্যয় হ্রাস করার দিকে সরকারের নজর দেওয়া উচিত। বিশেষ করে অননুমোদিত প্রকল্পগুলো এবং ইতোমধ্যে অর্থ ছাড় না করা প্রকল্পগুলোর ব্যয় বন্ধ করা উচিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত অর্থ বছরের জুলাই--ডিসেম্বরের তুলনায় এ অর্থ বছরের একই সময়ে খাদ্য ও চাল আমদানি যথাক্রমে ২ দশমিক ৬ শতাংশ এবং ২৪ দশমিক ৭ শতাংশ কম হয়েছে।
তিনি বলেন, বোরো ধান উৎপাদনের জন্য ডিজেল ও সার প্রাপ্তি নিশ্চিত করাই হলো এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের বর্তমান বৈদেশিক বিনিয়োগ প্রাকৃতিক ও সেবা খাত নির্ভর হওয়ায় এতে কাঠামোগত দুর্বলতা রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় এ অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ ১৫ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে ২৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে । একই সময়ে নিট বৈদেশিক অর্থ বিদেশে স্থানান্তর হয়েছে ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ২০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সরকারের ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীলতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সুদের হার বেশি হলেও সরকারের ব্যাংক বর্হিভুত খাত থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা সৃষ্টি করতে হবে।
পুঁজি বাজারের সাম্প্রতিক লেনদেনকে প্রতিবেদনে ইতিবাচক উল্লেখ করলেও সর্বনিম্নমানের "জেড” ক্যাটাগরির শেয়ারের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং ডিএসই-- ২০ শেয়ারগুলোর মূল্য বৃদ্ধি গড় বৃদ্ধির চেয়ে কম বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আরও কিছু অনিয়মের উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।
ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট (আইআরবিডি) কর্মসূচির আওতায় সিপিডি প্রতি অর্থবছরের ছয় মাস শেষে এ প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডি গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান ও সিনিয়র গবেষক সাঈদ আহমেদ।
