সিইউএফএল বন্ধ থাকায় সার সংকটের আশংকা
দেশের বৃহত্তম ইউরিয়া সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গত দশদিন ধরে পানির অভাবে উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে সামনে বোরো মৌসুমে এ অঞ্চলের ২২টি জেলায় সারের সংকট দেখা দিতে পারে বলে আশংকা করছেন সংশি¬ষ্টরা।
গত ৮ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে এ কারখানায় মজুদের পরিমাণও কমে গেছে। সেক্ষেত্রে সার সংকট কাটাতে আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানি করা ছাড়া বিকল্প থাকবে না। একইসঙ্গে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ৮৮ লাখ টাকা।
বর্তমানে কত সার মজুদ রয়েছে এ তথ্য প্রকাশ না করলেও কারখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান মজুদ থেকে আরও কয়েকদিন এ কারখানার তালিকাভুক্ত জেলাগুলোতে সার সরবরাহ নির্বিঘœ রাখা যেতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে ব্যাপক সংকট দেখা দিতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
সিইউএফএল কর্তৃপক্ষ, কৃষি কর্মকর্তা ও সার ডিলাররা বলেছেন, এ সপ্তাহের মধ্যে সিইউএফএল পুরোদমে উৎপাদনে যেতে না পারলে বৃহত্তর চট্টগ্রামসহ নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ ২২টি জেলায় আসন্ন মৌসুমে সার সংকট দেখা দেবে।
এ অবস্থায় কারখানা চালুর ক্ষেত্রে পুরনো গ্যাস সংকট আবার নতুন করে দেখা দিয়েছে। বৃহস্পতিবার কারখানার ইউরিয়া ইউনিট চালুর জন্য সিইউএফএল কর্তৃপক্ষ সাময়িকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করে। কিন্তু বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানা চালুর বিষয়টি আবার অনিশ্চিত হয়ে পড়েছে।
পানি ও গ্যাস সংকটের মধ্যে কবে নাগাদ কারখানা চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।
তিনি জানান, “পানির সংকট কোনো মতে কাটানো গেলেও এখন শুরু হয়েছে গ্যাসের সংকট। কারখানা চালু রাখার প্রধান দুটি কাঁচামালই যদি পাওয়া না যায় তবে উৎপাদন হবে কিভাবে? আমাদের এখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই।”
ব্যবস্থাপনা পরিচালক নাজিম বলেন, “আমরা বারবার বাখরাবাদ কর্তৃপক্ষকে জরুরিভিত্তিতে গ্যাস সরবরাহ বাড়িয়ে দেওয়ার কথা বলেছি। কিন্তু ন্যুনতম ৪৮ মিলিয়ন ঘনফুটের স্থানে আমাদের দেওয়া হচ্ছে মাত্র ৪০ মিলিয়ন ঘনফুট। যা দিয়ে কোনোভাবেই কারখানা চালু রাখা সম্ভব নয়।”
সিইউএফএল সূত্রে জানা গেছে, গ্যাসের তীব্র সংকটের কারণে কারখানাটি গত আট মাস ধরেই খুড়িয়ে খুড়িয়ে চলছিল। এবার নতুন উপসর্গ যোগ হওয়ায় বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে অনেক পিছিয়ে পড়তে হবে। গ্যাস সংকটের কারণে গত ২০ ডিসেম্বর সর্বশেষ সিইউএফএল বন্ধ হয়ে গিয়েছিল।
সূত্র জানায়, পানির সংকট কাটানোর জন্য সিইউএফএল কর্তৃপক্ষ একটি বার্জ ভাড়া করে। এ বার্জের মাধ্যমে কর্ণফুলী নদীর উজান মদুনা ঘাট থেকে পানি এনে কারখানা চালুর প্রক্রিয়া সম্পন্ন করে কর্তৃপক্ষ। কিন্তু পানি সমস্যার আপাত সুরাহা হলেও গ্যাস সংকটের কারণে আবার অনিশ্চিয়তার মধ্যে পড়ে ইউরিয়া চালুর প্রক্রিয়া।
তবে গ্যাসের সরবরাহ বাড়লে শুক্রবার থেকে আংশিকভাবে উৎপাদনে যাওয়ার জন্য কারখানার ইউরিয়া ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অপর একটি সূত্র জানায়।
সূত্র জানায়, বার্জ দিয়ে বিকল্প উপায়ে সাময়িকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। তবে স্থায়ীভাবে পানি সমস্যা কাটানোর জন্য জরুরিভিত্তিতে একটি গভীর নলকূপ এবং পর্যায়ক্রমে আরও তিনটি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ কারখানায় দৈনিক ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন পানি প্রয়োজন হয়। ইতিপূর্বে নগরীর কালুরঘাট এলাকা থেকে সিইউএফএল কর্তৃপক্ষ এ পানি সংগ্রহ করতো।
উলে¬খ্য কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গেলে দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা সিএফইউএল এ গত ৮ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। সাধারণত কর্ণফুলী নদীর পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ থাকে ১১ থেকে ১৫ পিপিএম। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ পিপিএম।
কর্ণফুলী নদীর তীরে স্থাপিত দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম সিইউএফএল এর পানির প্রধান উৎস কর্ণফুলী নদী।
