২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ কোটি পিস দুই টাকার ধাতব মুদ্রা সংগ্রহ করবে সরকার

ধাতব মূদ্রার সরবরাহ বাড়াতে দুই টাকা মূল্যমানের আরও ২০ কোটি পিস ধাতব মুদ্রা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:37 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং আইন বিষয়ক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক।

কমিটির সদস্য উপদেষ্টা মাহবুবুল আলম, রুহুল আলম চৌধুরী, শফিকুল হক চৌধুরী, অধ্যাপক (এ্যামিরেটাস) সুফিয়া রহমান, মন্ত্রিপরিষদের সচিব আলী ইমাম মজুমদার, জ্বালানি সচিব নাসির উদ্দিন আহমেদ, অর্থ সচিব সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য সচিব এহসান উল ফাত্তাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, সাতটি আলোচ্যসূচির মধ্যে পাঁচটিই গৃহিত হয়েছে।

সভা সূত্রে জানা যায়, মালয়েশিয়ার সরকারি ধাতব মুদ্রা মুদ্রণালয় থেকে দুই টাকা মূল্যমানের মুদ্রা সংগ্রহ করা হবে। এর জন্য প্রায় ২৯ কোটি টাকা ব্যয় হবে। ক্রয় সংক্রান্ত কার্যাদেশ দেওয়ার ১৮ সপ্তাহের মধ্যেই এসব মুদ্রা দেশে পৌঁছবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সভায় মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভসহ বেশকিছু স্থাপনা ও রেপ্লিকা স্থাপনের একটি প্রকল্প উত্থাপিত হয়। তবে প্রকল্পটি অনুমোদন না করে সেটি আরও আলোচনা ও পরীক্ষা-- নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে কুয়েত পেট্রোলিয়ামের করপোরেশনের (কেপিসি) সঙ্গে বিদ্যমান চুক্তি আরও ছয় মাসের জন্য নবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই চুক্তি নবায়ন করা হবে। নতুন চুক্তির মাধ্যমেই কুয়েত পেট্রোলিয়াম (কেপিসি) আগামী জুন মাস পর্যন্ত ডিজেল, কেরোসিন, অকটেন ও জেট ফুয়েল (জেড এ-- ১) সরবরাহ করবে।

সভায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমার পরিপ্রেক্ষিতে এসব জ্বালানির প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়। ব্যারেল প্রতি প্রিমিয়াম পাঁচ সেন্ট কমিয়ে পাঁচ দশমিক ৪৫ মার্কিন ডলারের পরিবর্তে পাঁচ দশমিক ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতি ছয় মাস অন্তর প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল একাডেমি ফর হেলথ ম্যানেজমেন্ট-- এর নির্মাণ কাজের জন্য একটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ১৭ শতাংশ কম দরপত্র আহ্বানকারী হিসেবে ১৭ কোটি টাকায় প্রকল্পের কাজ শেষ করার শর্তে এ কাজটি পাবে।

এ ছাড়া সভায় উপকুলীয় এলাকায় পূর্বে কর্ণফুলী নদী হতে পশ্চিমে তেঁতুলিয়া নদীর ডানতীর, উত্তরে চাঁদপুরের ভাটিতে মেঘনা মোহনা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের প্রায় নয় হাজার ৬০০ কিলোমিটার বিস্তৃত চরাঞ্চল ও অগভীর জলভাগে ভূমি উদ্ধার ও ভাঙ্গন প্রতিরোধের জন্য এস্টুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইপিডি) বাস্তবায়নে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব গৃহীত হয়।

বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ প্রতিষ্ঠান ডিএইচভি--এনভারনমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিভি এ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছে। ইপিডি বাস্তবায়নে প্রাথমিকভাবে পরামর্শক নিয়োগ ও এর যাবতীয় ব্যয় হবে ২৫ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার (জিওবি) দেবে তিন কোটি ২৬ লাখ টাকা এবং বাকি টাকা দেবে নেদারল্যান্ড সরকার।