সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে বিদেশি মুদ্রার রিজার্ভ
রেমিটেন্স ও রপ্তানি আয়ের কল্যাণে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ বৃহষ্পতিবার সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে।
রিজার্ভ বৃহষ্পতিবার ৩৯৫ কোটি ৩০ লাখ ডলার ছাড়িয়ে যায়। ২০০৬ সালের নভেম্বরে এটা ছিল ৩৫৩ কোটি ৩০ লাখ ডলার।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৩৪৮ কোটি ৩০ লাখ ডলার।
আরও পেছনে ১৯৯৪-৯৫ অর্থবছরে রিজার্ভ ছিল ৩০৭ কোটি। ১৯৯০-৯১ অর্থবছরে এই হার ছিল ৮৮ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন বৈদেশিক মুদ্রা বাজার বিশ্লেষক বলেন, ”রেমিটেন্স প্রবাহ আর রপ্তানি আয় বাড়াতে রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে।”
ডিসেম্বরের প্রথম ২১ দিনে রেমিটেন্স থেকে ৪০ কোটি ডলার এসেছে উল্লেখ করে তিনি জানান, মাস শেষে এ হার ৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
জুলাই-নভেম্বর ২০০৬-০৭ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় ৩০.৮৬ শতাংশ বেড়ে ২৩০ কোটি ৫০ লাখ ডলারে গিয়ে দাঁড়ায়। জুলাই-নভেম্বর ২০০৫-০৬ অর্থবছরে এই হার ছিল ১৭৬ কোটি ১০ লাখ ডলার।
জুলাই-অক্টোবর ২০০৬-২০০৭ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের ৩৩৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়ে ৪১২ কোটি ৭০ লাখে পৌঁছেছে। দু’টি অর্থবছরের মধ্যে রপ্তানি আয় বৃদ্ধির হার ২৩.৯৫ শতাংশ।
