অবরোধ কর্মসূচি ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও শেয়ার বাজার চাঙ্গা
বিরোধী দলের অবরোধ কর্মসূচি ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার শেয়ার বাজার ছিল উর্ধ্বমুখী। বড় কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ায় বাজারে চাঙ্গা ভাব লক্ষ্য করা যায়।
শেয়ারের লেনদেন ও দর বাড়ার দিক থেকে ব্যাংকগুলো সকাল থেকে শুভ সূচনা করলেও সবচেয়ে বেশি লাভবান হয় বিদ্যুৎ কোম্পানিগুলো।
ডিএসইর শীর্ষ ২০ কোম্পানির তালিকাভুক্ত ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ ল্যাম্পস, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্সের শেয়ারের দর বাড়ে সবচেয়ে বেশি হারে। তবে ওই তালিকার বিএটিবিসি ও মেঘনা সিমেন্টের শেয়ারের দর কমে যায়।
দুপুর ১২টায় ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য দাঁড়ায় ৩৭২৫ টাকা যা আগের দিনের চেয়ে তুলনায় সাড়ে ১৬ টাকা বেশি। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের মূল্য দাঁড়ায় ৮১৪ টাকা যা আগের দিনের তুলনায় ৯.৭৫ টাকা বেশি।
এই সময় পর্যন্ত ডিএসইর সার্বিক মূল্যসূচক (ডিএসআই) ৫.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩৩১.২৩-এ। আগের দিনের তুলনায় এই হার ছিল দশমিক ৩৮ শতাংশ বেশি।
ডিএসইর মোট লেনদেন দাঁড়ায় ১১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার টাকায়। এর মধ্যে ডেসকো, সামিট পাওয়ার ও এবি ব্যাংকের টার্নওভার ছিল সবচেয়ে বেশি। এই তালিকায় অন্যান্যদের মধ্যে আছে আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্নি সিস্টেমস, এক্সিম ব্যাংক ও ইস্টার্ন কেবলস।
