ওরিয়েন্টাল ব্যাংক বোর্ড সদস্যদের ৫ লাখ টাকা করে জরিমানা
সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের ১৩ পরিচালক ও ব্যাবস্থাপনা পরিচালকের বিরূদ্ধে ৫ লাখ টাকা করে জরিমানা করার কথা ঘোষনা করেছে।
ব্যাংকের সর্বশেষ বার্ষিক সাধারণ সভার (এজিএম) সম্পাদিত অডিও ভিজুয়াল কপি জমা দেওয়ার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।
এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ব্যাংকের কোম্পানী সচিব আলমগীর কবীর সামাদেরও।
এসইসির নির্বাহী পরিচালক মনসুর আলম রোববার বিডিনিউজ ২৪ ডটকমকে ব্যাংকটির বোর্ড সদস্যদের বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপের কথা জানান।
ব্যাংক পরিচালনা কর্তৃপক্ষ গত বছরের ১৬ অক্টোবর সর্বশেষ বার্ষিক সাধারণ সভার আয়োজন করে এবং নিয়ম অনুযায়ী পরে তারা এসইসির কাছে এজিএমের একটি ভিডিও ও লিখিত কপি জমা দেয়।
এ ব্যপারে মনসুর আলম বলেন, ভিডিও টেপটি খুবই সংক্ষিপ্ত এবং এটা দেখে মনে হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এজিএম সম্পন্ন করা হয়েছে।
সূত্র জানায়, জরিমানাপ্রাপ্তরা হলেন ব্যাংকের চেয়ারম্যান মাসুম আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ব্যাবস্থাপনা পরিচালক সিএম কায়েস সামি এবং পরিচালক সালমান করিম, মেহেদী হাসান, বিগ্রেডিয়ার (অব.) এম জাকির হোসেন, নেসার উদ্দিন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মুজিবুর রহমান মিলন, শহিদুল ইসলাম, নেয়াজ আহমেদ, বিএমএম মোজাহারুল হক, পেটিংসন টেম্পল, পিটার ইউ চুনকু এবং আজিজান বিন হাজী উজির।
এসইসি তাদের আগামী ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে ৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক পরিচালনা পরিষদ সদস্যদের সদস্যপদ বাতিল করে এবং ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সিএম কায়েস সামিকে ১ বছরের জন্য বরখাস্ত করে।
কেন্দ্রীয় ব্যাংক ১৯ জুন ওরিয়েন্টাল ব্যাংক ব্যাবস্থাপনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় এবং ক্রমাগত লোকসান থেকে বেরিয়ে আসতে ব্যার্থতার কারণে ব্যাংকটিতে একজন প্রশাসক নিয়োগ করে।
