২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘেরাও কর্মসূচি সত্ত্বেও শেয়ারের দাম বেড়েছে, বিস্তারিত

বিরোধী দলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সত্ত্বেও মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বেড়েছে। তবে দিনের শুরুতে দাম কিছুটা পড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংকগুলো। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড (এসআইবিএল), এবি ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য বেড়েছে।

এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়োয়ার সাঈদ বিরোধী দলের কর্মসূচির কথা উল্লেখ করে বিডিনিউজ২৪.কমকে বলেন, উপর্যুপরি রাজনৈতিক কর্মসূচি সত্ত্বেও শেয়ার বাজারে এর কোনও প্রভাব পড়েনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সহ-সভাপতি আহমাদ রশিদ লালি বলেন, এ ধরনের রাজনৈতিক পরিবেশে আমরা অভ্যস্ত। আগামী অক্টোবরের তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। কাজেই রাজনৈতিক পরিস্থিতির বড় ধরনের কোন প্রভাব শেয়ার বাজারে পড়বে না বলেই তিনি মনে করেন। তবে সাধারণ ধর্মঘটজাতীয় কর্মসূচিগুলো না থাকলে শেয়ার বাজার আরও শক্তিশালী হতে পারতো বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ডিএসই এর সভাপতি আব্দুল্লাহ বোখারী মনে করেন, নেতিবাচক রাজনৈতিক কর্মসূচির কারণে পুরো শেয়ার বাজারই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক কর্মসূচি না থাকলে লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেত। মঙ্গলবার শেয়ার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা।

এসআইবিএল শেয়ারের মূল্য ১৩ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পায়। দাম বৃদ্ধিতে মনা ফুড ছিল শীর্ষে এবং এসআইবিএল দ্বিতীয় স্থানে।

এসআইবিএলের শেয়ার দাম ১ হাজার ৭২০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯২৬ টাকায় গিয়ে ঠেকে। এছাড়া সিটি ব্যাংকের শেয়ারের মূল্য ৭ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পায়। সিটি ব্যাংকের পরেই ছিল এবি ব্যাংক এবং পূবালী ব্যাংক।

এদিকে গত দু দিনে বিদ্যুৎ কোম্পানি ডেসকো ও সামিট পাওয়ারের শেয়ারের মূল্যের যে পতন ঘটেছিল সেখান থেকে তারা ফিরে এসেছে মঙ্গলবার। আগের দিনের তুলনায় ডেসকোর শেয়ারের মূল্য দশমিক ৪৯ শতাংশ এবং সামিট পাওয়ারের শেয়ারের মূল্য ১ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পায়।

ডিএসইর সব শেয়ারের মূল্যসূচক (ডিএসআই) ৭ দশমিক ৩১ পয়েন্ট বা শতকরা ০ দশমিক ৮৯ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় এক হাজার ৩৩৬ দশমিক ৫১ টাকা। তবে দিনের শুরুতে মূল্য সূচক ছিল ৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ।

ডিএসইর সাধারণ সূচক আগের দিনের শুরুর চেয়ে ৬ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৫৯৪ দশমিক ৬০ টাকায় দাঁড়ায়।

ডিএসই ২০ বা ভালো শেয়ারের মূল্য সূচক নেমে যায়। আগের দিনের তুলনায় ৩ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে এক হাজার ৩৮২ দশমিক ৪৭ টাকায় এসে দাঁড়ায়।