জ্বালানি উপদেষ্টা ফুলবাড়ী চুক্তি সম্পর্কে কিছুই জানেন না
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার বলেছেন, ফুলবাড়ীতে আন্দোলনকারীদের সাথে সরকারের কি চুক্তি হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
কার নির্দেশেই বা এই চুক্তি সম্পাদিত হলো তাও বলতে পারবেন না।
৩০ আগস্ট ফুলবাড়ী চুক্তি সাক্ষরের পর উন্মুক্ত খনি পদ্ধতিতে এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধের আনুষ্ঠানিক সত্যতার বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদুর রহমান বিডিনিউজকে এ কথাই বলেন।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানী এশিয়া এনার্জির কার্যক্রম প্রত্যাহার সংক্রান্ত আন্দোলনরত স্থানীয় নেতৃবৃন্দের সব দাবি মেনে নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু সরকারের পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে জানতে হলে যারা এই চুক্তিতে সাক্ষর করেছে তাদের সাথে কথা বলাই ভালো হবে’।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ‘যেহেতু আমি চুক্তির বিষয়ে কোন সরকারি কাগজপত্র পাইনি, সে কারণে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না’।
এশিয়া এনার্জি শুক্রবার জানায়, সরকারি পক্ষ থেকে তাদের সাথে এখন পর্যন্ত চুক্তি পরবর্তী কোন আলোচনা হয়নি। এ কারণে এ বিষয়ে কোন অগ্রগতি নেই।
