উত্তরবঙ্গে আমন চাষ ব্যাহত হওয়ায় জলিলের উদ্বেগ
চলতি মওসুমে উত্তরবঙ্গসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টিতে আমন চাষ ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মো. আব্দুল জলিল।
এক বিবৃতিতে শনিবার তিনি বলেন, চলতি মওসুমে বৈরী আবহাওয়ার কারণে আমন চাষ ইতোমধ্যে ব্যাপকভাবে ব্যাহত হতে শুরু করেছে। অথচ ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের পক্ষ থেকে কৃষকদের এ ভয়াবহ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে এখনো কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, সরকারের অদূরদর্শীতা এবং দায়িত্বহীনতার কারণে দেশে আগামী আশ্বিন-কার্তিক মাসে ভয়াবহ খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
জলিল কৃষকদের মাঝে পর্যাপ্ত বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সারসহ যান্ত্রিক কৃষি সেচের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
