২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী এখন বিদ্রোহের উপশহর

হরতাল - বিক্ষোভে ফুলবাড়ী এখন বিদ্রোহের উপশহরে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুধবার অনির্দিষ্টকালের হরতালের চতুর্থ দিন পালিত হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

দিনাজপুর জেলার ফুলবাড়ী নিমতলা মোড়ে সকাল এগারোটার দিকে সমবেত হয় উল্লেখযোগ্যসংখ্যক নারীসহ হাজারো জনতা। সমাবেশে অংশগ্রহণকারীরা এশিয়া এনার্জি কোম্পানির পক্ষে বক্তব্য দেওয়ার জন্য জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কুশ পুত্তলিকা দাহ করে তার বিচারের দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধের জোর দাবি জানাচ্ছেন।

হরতালকারীরা দিনাজপুর - ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছেন। তারা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ১৪ দলের আহ্বানে হরতাল চলছে।

এদিকে ফুলবাড়ীতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সাথে বুধবার সকালে রাজশাহী মেয়র মিজানুর রহমান মিনু  ও উপমন্ত্রী দুলুর এক বৈঠকে মিলিত হওয়ার কথা থাকলেও তা এগারোটা পর্যন্ত শুরু হয়নি।

সূত্র জানায়, পাবর্তীপুরে বৈঠকে মিলিত হওয়ার জন্য মেয়র মিনু এবং উপমন্ত্রী দুলু অপেক্ষা করছেন।

এদিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বিডিনিউজকে জানিয়েছেন কোনো বৈঠক হতে হলে তা ফুলবাড়ীতেই হতে হবে।

ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত শনিবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সমবেত জনতার উপর গুলি চালানো হলে অন্ততঃ তিনজন নিহত ও বহুসংখ্যক ব্যক্তি আহত হয়।