সাবেক রাষ্ট্রপতি এরশাদের খালাস পাওয়ার সাথে সরকারের কোনো যোগসূত্র নেই: মওদুদ
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ দুর্নীতির মামলা থেকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের খালাস পাওয়ার সাথে সরকারের কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি এসব মামলা থেকে খালাস পেয়েছেন। এসব মামলায় যারা খালাস পাননি, তারাও আদালতে যেতে পারেন। নিশ্চয়ই আদালত তাদের ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত দেবেন।
আইন মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাজাহান ওমর ও আইন সচিবসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন অনুমোদন করলেই অবিলম্বে জঙ্গিদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে। সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আর সরকার আন্তরিক বলেই জঙ্গিদের মৃত্যুদন্ডের ডেথ রেফারেন্স নিয়ে শুনানির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় এসব ডেথ রেফারেন্সের শুনানি হলে সিরিয়াল পেতেই আরো পাঁচ বছর লাগতো।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বর্তমান সরকার আমলে প্রণীত ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত পাঁচটি আইনের সাফল্য, ভূমি ব্যবস্থাপনা খাতে পাঁচ বছরের রাজস্ব আদায়ের চিত্র ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এতে বলা হয়, ২০০৪ সালে ভূমি নিবন্ধীকরণ (সংশোধন) আইন ও সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনসহ আইনগুলো প্রণয়নের ফলে দেশে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত মামলা মোকদ্দমা কমে গেছে। আগে দেশে মোট মামলা মোকদ্দমার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই ছিল ভূমি সংক্রান্ত বিরোধ থেকে। এখন এ ধরনের মামলা কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি নিবন্ধীকরণ ব্যবস্থা কঠোর করায় দেশে ভূমি দলিল জালিয়াতির ঘটনা কমেছে। ফলে দেশে ২০০৪ - ০৫ অর্থবছরের তুলনায় ২০০৫-০৬ অর্থবছরে প্রায় ১২ লাখ ৭১ হাজার রেজিস্ট্রেশন কমেছে। এতে রাজস্ব আদায় হ্রাস পেয়েছে প্রায় ২৫৫ কোটি টাকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি বর্তমানে আদালতের এখতিয়ারে রয়েছে। আদালতের নির্দেশনা পেলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সংক্রান্তটি আইনের খসড়াটি বর্তমানে সংসদীয় কমিটিতে রয়েছে। যে কোনো সময় এ আইন পাস করা যেতে পারে।
