২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজের রূপালী ব্যাংক ক্রয় প্রস্তাব অনুমোদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ করেছে প্রাইভেটাইজেশন কমিশন

সৌদি যুবরাজের দেওয়া¡ রূপালী ব্যাংক ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য প্রাইভেটাইজেশন কমিশন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির ৬৭ ভাগ শেয়ার ক্রয়ের জন্য দেওয়া তার প্রস্তাবটিই সর্বোচ্চ।

প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্র যথাসম্ভব দ্রুত আমরা আলোচনা শুরু করবো।

তিনি বলেন, কেবল সম্পূর্ণ টাকা পরিশোধ সাপেক্ষে ক্রেতার সাথে ‘সেল অ্যান্ড পারচেজ’ (এসপি) চুক্তি স্বাক্ষর করার পর ব্যাংকটির হস্তান্তর কাজ শুরু হবে।

এর আগে গত রোববার প্রাইভেটাইজেশন কমিশন জানায়, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটি ক্রয়ের জন্য সৌদী যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদী’র প্রস্তাবই সর্ব্বোচ্চ। এজন্য তিনি ৩৩০ মিলিয়ন ইউএস ডলার প্রদানের প্রস্তাব দেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম--এর প্রস্তাবিত (১০০ মিলিয়ন ইউএস ডলার) দরের চেয়ে এটি ২৩০ মিলিয়ন ডলার বেশি।

বেসরকারিকরণ প্রক্রিয়ার অধীনে ব্যাংকটির ৬৭ ভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে সার্বিক যাচাই-বাছাইয়ের পর এই দু’টি দরপত্রই ‘টেকনিক্যালি ফিট’ বিবেচিত হয়। সরকারের উচ্চ মহল আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই প্রস্তাব অনুমোদন করবে বলে ইনাম আহমেদ চৌধুরী আশা প্রকাশ করেন। বেসরকারিকরণ কার্যক্রমের উপর হাইকোর্টের আরোপ করা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট জটিলতাও দ্রুত নিরসন হবার আশা করেন তিনি।

দাতাদের দেওয়া পূর্বশর্ত অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে বেসরকারিকরণ প্রক্রিয়া সমাপ্ত করতে সরকার সময়সীমা বেঁধে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সকল প্রকার প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই বাধ্যবাধকতা পূরণ করতে পেরেছি।

রাষ্ট্রায়ত্ত্ব চারটি ব্যাংকের মধ্যে ক্ষুদ্রতম রূপালী ব্যাংকের মাত্র ৬.৪২ ভাগ শেয়ার বর্তমানে বেসরকারি মালিকানায় রয়েছে। বাদবাকি সকল শেয়ার সরকারের নিয়ন্ত্রণে।

২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিলো ১.০৭ বিলিয়ন ইউএস ডলার। ব্যাংকটির ৪৯৩ টি শাখা, সোয়া ২৫ লাখেরও বেশি গ্রাহক এবং ৫৭৩১ জন কর্মকর্তা-কর্মচারি রয়েছে।