২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর তাগিদ রতন টাটার

বাংলাদেশের উন্নয়নের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা চাইলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি বলেছেন, ব্যবসা বাড়ানোর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে টাটা তার উপস্থিতি জাহির করতে চায় না। টাটার ইচ্ছা, দেশে দেশে টাটার উপস্থিতি অর্থবহ হোক।

টাটা গ্রুপের ইন-হাউস জার্নাল টাটা রিভিউ এর বিশেষ সংখ্যায় এক সাক্ষাৎকারে রতন টাটা এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মত দেশে আমরা উন্নয়নের শরিক হতে চেয়ে উদ্যোগ নিয়েছি। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, দুবাই, সিঙ্গাপুর সর্বত্রই আমরা সে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাচ্ছি’।

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ - ছয় বছরের মধ্যে নতুন নতুন ভৌগোলিক এলাকায় আমাদের ব্যবসাটি বাণিজ্যিকভাবে এবং কৌশলগতভাবে বৃদ্ধির পাশাপাশি টাটা ব্র্যান্ডকে তুলে ধরার বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।

এদিকে টাটা সন্সের ডিরেক্টর কিশোর চৌকর জানিয়েছেন, টাটা গ্রুপ আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে নতুন নতুন ব্যবসায় এক লাখ কুড়ি হাজার কোটি রুপি বিনিয়োগ করবে।

তিনি বলেছেন, টাটার বর্তমান ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি বায়ো প্রযুক্তি, বিকল্প মেডিসিন, এনার্জি ও পানি ব্যবস্থাপনা ক্ষেত্রেও টাটা বিনিয়োগ করবে।