২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাচ্যুত কোম্পানীর শেয়ার গ্রহীতাদের অধিকার রক্ষায় কোন অগ্রগতি নেই

সরকারের বিধি ও নীতিমালা লঙ্ঘনের কারণে স্টক একচেঞ্জ থেকে তালিকাচ্যুত কোম্পানীগুলোর শেয়ার গ্রহীতাদের অধিকার রক্ষায় উদ্যোগের বিষয়ে এখন পর্যন্ত কোন অগ্রগতি নেই। এ পর্যন্ত প্রায় ৩৩টি কোম্পানী তালিকাচ্যুত হয়েছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ খান রোববার বিডিনিউজকে বলেন, কোম্পানীর তালিকাচ্যুতির কারণে যে সকল শেয়ার গ্রহীতা তাদের বিনিয়োগ হারিয়েছেন তাদের জন্য কোন প্রকার সুরক্ষা নেই।

ডিএসই সূত্র জানায়, শেয়ার গ্রহীতাদের অধিকার রক্ষার জন্য ডিএসই ২০০৫ সালে বিদ্যমান কোম্পানী আইনে ‘তালিকাচ্যুত’ শব্দটি সংযোজনের প্রস্তাব করে। কিন্তু প্রস্তাবটি এখনো হিমাগারেই পড়ে রয়েছে।

সূত্র জানায়, প্রতি তিন বছরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা অথবা প্রতি পাঁচ বছরে লভ্যাংশ ঘোষণা না করার অপরাধে গত ১২ বছরে সর্বমোট ৩৩টি বেসরকারী কোম্পানী স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হয়।

এইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইয়াওয়ার সাঈদ বলেন, প্রয়োজনীয় আইনের অভাবে নিয়ন্ত্রণকারী সংস্থা তালিকাচ্যুত হওয়ার পর শেয়ার গ্রহীতার অধিকার লঙ্ঘনের অপরাধে কোন কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।

ডিএসই এর সিইও বলেন, এ বিষয়ে ২০০৫ সালে একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। তিনি আরও বলেন, কিছু সংখ্যক কোম্পানী তালিকাচ্যুত হওয়ার পর নামমাত্র মূল্যে তাদের শেয়ার প্রত্যাহার করে নিয়েছে।

সূত্র জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টকে রেজিষ্ট্রেশনকৃত ৫২ হাজার কোম্পানীর মধ্যে প্রায় ১০ হাজার কোম্পানীরই কোন অস্তিত্ব নেই।

এই কোম্পানীগুলোর মধ্যে ২০০৬ সালের মধ্য আগস্ট পর্যন্ত মাত্র ২৮৯টি কোম্পানী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ তালিকাভূক্ত হয়েছে। এর মধ্যে ২৭০ টি কোম্পানী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ১৯৮ টি কোম্পানী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ তালিকাভূক্ত।

তালিকাভূক্ত কোম্পানীগুলোর মধ্যে ৮০ ভাগেরও বেশী কোম্পানী যথাসময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত এবং লভ্যাংশ ঘোষণা করেছে বলে এসইসির একটি সূত্র জানায়।

ডিএসইতে তালিকাভূক্ত কোম্পানীগুলোর মধ্যে ২০০৬ সালের জুন মাস পর্যন্ত  প্রায় ৫৫ ভাগ কোম্পানী ৪ থেকে ২১০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। বাদবাকী কোম্পানীগুলোর মধ্যে ৬৩ ভাগ কোম্পানী ১০ ভাগ বা তার চেয়ে অধিক হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া প্রায় ২৫ দশমিক ৫ ভাগ কোম্পানী চলতি বছর লোকসানের সম্মুখীন হয়েছে।