খরায় পুড়ছে লালমনিরহাট: পানি ও ডিজেল সংকটে মঙ্গার পদধ্বনি
ভরা বর্ষা মৌসুমেও অনাবৃষ্টি আর খরায় পুড়ছে লালমনিরহাট জেলা। হাজার হাজার হেক্টর আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। একদিকে অনাবৃষ্টি ও খরা অন্যদিকে ডিজেল সংকট তীব্র আকার ধারন করায় চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।
পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় জেলার ৩৬ শতাংশ আবাদি জমিতে আমন চারা রোপন করা হয়নি। ফলে জমিগুলো পতিত রয়ে গেছে। কৃষি বিশেষজ্ঞরা আশংকা করছেন আগামী দু-একদিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে জেলায় আগাম মঙ্গা দেখা দিতে পারে।
লালমনিরহাট থেকে পাটগ্রাম পর্যন্ত সরজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তার দুই পাশে নিচু জমিগুলোতে রোপা আমন চারা লাগানো হয়েছে। রৌদ্রের প্রচন্ড খরতাপে পানি শুকিয়ে জমি ফেটে চৌচির হয়ে চারাগুলো এখন পোড়া আর বিবর্ণ।
আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে দৈলজোড় গ্রামের কৃষক কোবাদ আলী প্রকৃতির এই বৈরি আচরণে আক্ষেপ করে বলেন, ‘বাহে বেশী দামে ডিজেল কিনে জমিতে পানি দিচ্ছি। তাও সে জমির পানি দিনত দিলে সকালে উঠি দেখি সেই আগের মতই জমির অবস্থা । হামরা বাচুম কেমন করি’।
পাট পচাঁনোর জন্য প্রয়োজনীয় পানির অভাবে প্রান্তিক চাষী আজিজুলকে পাট পচানোর জন্য বোঝা প্রতি ৫০ টাকা করে দিতে হচ্ছে।
জেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে ৮৮ হাজার ৬২ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে জেলার ৮২ হাজার ৬২ হেক্টর জমিতে উফশী ও ৩ হাজার ৪২৪ হেক্টর জমিতে স্থানীয় জাতের চারা রোপন করা হয়েছে।
অনাবৃষ্টি ও খরার কারণে মাটি ফেটে গিয়ে চারা শুকিয়ে বিবর্ণ আকার ধারণ করা ঠেকাতে কৃষি বিভাগ চাষীদের সেচযন্ত্র ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু জেলায় চলছে ডিজেলের চরম সংকট। ভারতে পাচার হয়ে যাওয়ার আশংকায় ডিজেলের নিয়ন্ত্রিত সরবরাহ বিপাকে ফেলেছে চাষিদের। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলো পাবতীপুর ও রংপুর ডিপো থেকে চাহিদা মত ডিজেল না পাওয়ায় বাঘাবাড়ি থেকে ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে পরিবহন ব্যয় বাড়ছে। জেলার বিনিময় ফিলিং স্টেশনের ম্যানেজার সুলতান জানান, জেলায় চাহিদামত ডিজেল পাওয়া যাচ্ছে না বলে বাঘাবাড়ি থেকে ডিজেল আনতে গাড়ী প্রতি দুই হাজার টাকা বেশি দিতে হচ্ছে।
