২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর পাবনায় ৪২ হাজার তাঁত বন্ধ হওয়ায় লক্ষাধিক শ্রমিক বেকার

রং, সুতা ও অন্যান্য সামগ্রীর দাম প্রায় ৩০ গুণ বৃদ্ধি পাওয়ায় এবং ভারতীয় শাড়িতে বাজার সয়লাব হওয়ার ফলে বৃহত্তর পাবনা জেলার ৪২ হাজার ৩৯৭টি তাঁত বন্ধ হয়ে গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এর ফলে এই শিল্পের সঙ্গে জড়িত এক লাখ ২৭ হাজার ১০৯ জন তাঁতী বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে বর্তমানে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন।

তাঁত বোর্ড সূত্র জানায়, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১৭টি উপজেলার মোট এক লাখ ১৯ হাজার ২২০টি হস্তচালিত তাঁতের উপর তিন লক্ষাধিক তাঁতী পরিবার নির্ভরশীল ছিল।

আগে এই দুইটি জেলায় তাঁত শিল্পে বছরে প্রায় পাঁচ কোটি ১৫ লাখ গজ কাপড় উৎপাদিত হত। বর্তমানে তিন কোটি ৬৫ লাখ গজ কাপড় উৎপাদিত হচ্ছে। তাঁত শিল্পে সংকটের ফলে দেশে কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে।

পাবনা জেলায় মোট ১৮ হাজার ৮৭৯টি তাঁতের মধ্যে সাত হাজার ৮০৪টি অচল এবং সিরাজগঞ্জের ৬৫ হাজার ৭৪৮টি সচল তাঁতের মধ্যে ৩৪ হাজার ৫৯৩টি তাঁত অচল রয়েছে।

সূত্র জানায়, দেশের মোট বস্ত্র চাহিদার শতকরা ৭০ ভাগ উৎপাদিত হয় হস্তচালিত তাঁতের মাধ্যমে। তাঁত শিল্প একটি সম্ভাবনাময় শিল্পখাত হওয়া সত্ত্বেও দেশের পাঁচ লাখ তাঁতের সঙ্গে জড়িত প্রায় ১৫ লাখ তাঁতীর আর্থ-সামাজিক অবস্থার কোন উন্নয়ন হয়নি।

তাঁত শিল্পের উন্নয়নে ১৯৭৮ সালে তাঁত বোর্ড গঠন করা হয়। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ তাঁত শিল্পের উন্নয়নে বিসিক সেন্টার, তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও সার্ভিসেস এ্যান্ড ফেসিলিটিজ সেন্টার গঠন করা হলেও তাঁতীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।