২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অর্থনীতি এত খারাপ না যে দাতাদের সকল শর্তই গ্রহণ করতে হবে: সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন, ঋণ ও সহায়তা পাওয়ার ক্ষেত্রে উন্নয়ন সহযোগিদের নির্ধারিত সকল শর্ত বাংলাদেশ মেনে নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ওয়াশিংটনে সপ্তাহব্যাপী সফর শেষে দেশে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনীতি এত খারাপ না যে আমাদের দাতাদের দেওয়া সকল শর্তই গ্রহণ করতে হবে। এই সফরকালে তিনি সেখানে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ কর্মকর্তাদের সাথে ঋণ ছাড়ের বিষয়ে আলোচনা করেন বলে জানান।

তিনি সুনির্দিষ্টভাবে বলেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা ‘হালাল’কে ‘হারাম’ বা ‘হারাম'কে ‘হালাল’ বানাতে পারি না।

সাইফুর রহমান যতো দ্রুত সম্ভব বিশ্ব ব্যাংকের দেওয়া উন্নয়ন সহায়তা ঋণ (ডিএসসি) এর চতুর্থ কিস্তির ২০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ এবং আইএমএফ’র দেওয়া দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সুবিধার (পিআরজিএফ) ষষ্ঠ কিস্তির ৯৭ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ ছাড়ের বিষয়ে বিশ্ব ব্যাংক ও আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মকর্তাদের সাথে আলোচনার উদ্দেশ্যে ৫ আগস্ট ওয়াশিংটন সফরে যান।

কিন্তু সোমবার ঢাকার একটি বহুল প্রচলিত বাংলা দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাইফুর রহমান সেখানে বিশ্ব ব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের রাজী করাতে ব্যর্থ হয়েছেন। উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে যে শর্ত বেঁধে দিয়েছিলো, তা পূরণে ব্যর্থ হওয়ায় প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ঋণ ছাড়ে তারা অস্বীকৃতি জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান পিআরএসপি সম্পর্কে যে মন্তব্য করেন তাতে দাতা সংস্থাগুলো ক্ষুব্ধ হয়।

এর আগে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ ডিএসসি ও পিআরজিএফ ঋণ প্যাকেজের সাথে রাজস্ব বোর্ড সংস্কার, রাষ্ট্রায়ত ব্যাংক ও অনান্য প্রতিষ্ঠানগুলোর লোকসান হ্রাস এবং রূপালী ব্যাংক বিক্রয়সহ বিভিন্ন শর্ত বেঁধে দেয়।

আমরা ইতিমধ্যে তাদের অনেক শর্ত পূরণ করেছি উল্লেখ করে সাইফুর রহমান বলেন, কিন্তু ঋণ পাওয়ার জন্য আমরা তাদের যে কোন অবমাননাকর শর্ত গিলে খাবো না।

অর্থমন্ত্রী বলেন, আর্ন্তজাতিক বাজার দরের সাথে মিল রেখে তেলের দাম সমন্বয় না করায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ’র কর্মকর্তারা সরকারের সমালোচনা করেছেন।

কিন্তু পরবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা বুঝতে পেরেছেন বলেও সাইফুর উল্লেখ করেন।

তিনি আরো বলেন, যদিও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন খাতে সাফল্যের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশের প্রশংসা করেছে। কিন্তু অর্থনীতির উপর সামগ্রিক চাপ হ্রাস করতে তেলের মূল্য বৃদ্ধি না করায় তারা সরকারের সমালোচনা করেছে।

তিনি বলেন, তেলের মূল্য সমন্বয় করার বিষয়টি নিয়ে তিনিই একমাত্র কথা বলেননি, আরও অনেকেই আছে।