শনিবার থেকে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ছে, সক্রিয় সিন্ডিকেট
বাজারে আগামীকাল শনিবার থেকে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ছে। রোজাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে সয়াবিন তেলের সিন্ডিকেট। পাশাপাশি মূল্যবৃদ্ধির তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ছোলা বুট।
এছাড়া রোজার আগে গুড়ো দুধের দাম বাড়ারও আশঙ্কা রয়েছে। ছুটির দিনে শুক্রবার নগরীর বিভিন্ন বাজারে খোঁজ খবর নিয়ে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ইতিমধ্যে প্যাকেটজাত সয়াবিন তেলের পাইকারি সরবরাহকারিরা আবারও শনিবার থেকে লিটার প্রতি দুটাকা করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামীকাল শনিবার থেকে প্যাকেটজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা তেলের দাম বাড়াবে। রোজার আগে তেলের দাম আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অপরিশোধীত তেল আমাদানিকারকরা।
আগামীকাল শনিবার থেকে প্যাকেটজাত সয়াবিন তেলের দাম পাইকারি বাজারে লিটার প্রতি দুটাকা বেড়ে সর্বোচ্চ ৫৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হবে। তবে একটি প্যাকেটজাত সয়াবিন তেলের কোম্পানি বৃহস্পতিবার থেকেই আগেভাগে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে লিটার প্রতি পামওয়েলের দাম এখন ৫০ টাকা।
ঢাকার কারওয়ানবাজারের পাইকারি তেল বিক্রতা রহিম উদ্দিন বিডিনিউজকে জানান, গত দু সপ্তাহে খোলা তেলের পাইকারি মূল্য লিটার প্রতি ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকায় এবং প্যাকেটজাত সয়াবিন তেলের দাম পাইকারি বাজারে দুটাকা বেড়ে সাড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে খোলা তেল বিক্রেতা টিকে গ্র“পের তারিক আহমেদ বিডিনিউজকে জানান, গত তিন সপ্তাহে সয়াবিন তেলের টন প্রতি ৯০ ডলার বেড়ে এখন প্রতি টন ৫১০ ডলার বিক্রি হচ্ছে। আন্তজার্তিক বাজারে গত জুলাই মাস থেকে সয়াবিন তেলের দাম দ্রুত বাড়ছে, ফলে আভ্যন্তরীণ বাজারে এর প্রভাব পড়বেই।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আন্তজার্তিক বাজারে বিভিন্ন দেশের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামের উর্ধ্বগতি বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঢাকার বিভিন্ন বাজারের খুচরা তেল বিক্রেতারা অভিযোগ করে বলেন, রোজা আসার আগেই তেল -- সিন্ডিকেট এখন হয়ে সক্রিয় উঠেছে। আন্তজার্তিক বাজারে তেলের যে দাম বেড়েছে, সেই পণ্য বাজারে আসতে আরো একমাসের বেশি সময় লাগবে।
তারা বলেন, দক্ষিণ আমেরিকা থেকে আমদানিকৃত সয়াবিন তেলের দেশে খুচরা বাজারে আসতে দুমাস লাগে। অথচ আন্তজার্তিক বাজারে তেলের দাম বাড়ানোর অভিযোগে তেল সিন্ডিকেট এরইমধ্যে খোলা তেলের মূল্য লিটার প্রতি ১০ টাকা বাড়িয়েছে।
এদিকে রোজার সময়ে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অপরিশোধিত ভোজ্য তেল ও ছোলা আমদানি শুল্ক চিনির মতো সুনিদির্ষ্ট হারে করার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে। আন্তজার্তিক বাজারে তেলের দাম বাড়ায় আমদানিকারকদের দাবী অনুসারে এ চিন্তাভাবনা শুরু করছে। অথচ তেলের সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে না।
এদিবে বানিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সয়াবিন তেলের আন্তজার্তিক বাজার বিবেচনায় রেখে সামগ্রিক বিশ্লেষণের পর সুনিদিষ্ট হারে আমদানি শুল্কের ব্যাপারে রাজস্ব বোর্ডের সঙ্গে আগামী সপ্তাহে মন্ত্রনালয়ের আলোচনা হতে পারে।
অপরিশোধিত ভোজ্য তেল পরিশোধন ও পাইকারি সরবরাহকারী সাতটি প্রতিষ্ঠান দেশের সামগ্রিক তেল সরবরাহ করে। বিক্রেতাদের অভিযোগ, মূলতঃ চারটি খোলা ও প্যাকেটজাত সয়াবিন তেল সরবরাহকারি প্রতিষ্ঠানই ওই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে।
এছাড়া গত দুসপ্তাহে ছোলা বুট কেজি প্রতি ১০ টাকা বেড়ে শুক্রবার বাজারে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সময়ে বুটের দাম কেজি প্রতি অন্তত সাত টাকা বেড়ে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভাঙা বুটের দাম কেজি প্রতি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি মুগ ডাল ৬৪ টাকা ও মসুর ডাল ৬১ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ানবাজরের পাইকারি ডাল বিক্রেতারা ছোলা নিয়ে সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করে জানান, রোজার আগে কয়েক দফায় ছোলার দাম বাড়বে। টিসিবি’র আমদানির ওপর নির্ভর করে বাজারের ছোলা বুটের দাম নিয়ন্ত্রিত হবে।
পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কাঁচা পণ্যের দাম চলতি সপ্তাহে স্থিতিশীল রয়েছে। তবে আলুর দাম কেজি প্রতি এক টাকা হ্রাস পেয়ে ১৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চীনা রসুনের দাম কেজি প্রতি ৫০ টাকা এবং ছোট রসুনের দাম ৭০ টাকা।
এদিকে গত সপ্তাহের শুরুতে সরকার খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হওয়ার পর এ সপ্তাহে মোটা চালের দাম স্বাভাবিক হয়ে আসছে। সরকার খোলাবাজারে ১ দশমিক ৫০ লাখ টন চাল বাজারে ছাড়ছে। স্বর্ণা ও পাইজাম চালের দাম কেজি প্রতি ১৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
