গত অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ ১ দশমিক ৯ বিলিয়ন ডলার
দেশের সার্বিক রপ্তানি আয় ১০ হাজার ৫২৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০০৫ - ০৬ অর্থবছরে রেকর্ডকৃত রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ ১ হাজার ৮৭২ মিলিয়ন ডলার। স্বাধীনতার পর দেশের রপ্তানি প্রবৃদ্ধির এটাই সর্বোচ্চ রেকর্ড।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, গত অর্থবছরের সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় শতকরা ২১ দশমিক ৬৩ ভাগ বেড়েছে।
২০০৪- ০৫ অর্থবছরে নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস খাতে রপ্তানি আয় ছিল যথাক্রমে এক বিলিয়ন ও আধা বিলিয়ন ডলার। এ ছাড়া চা, সিরামিক, টেবলওয়্যার এবং হস্তশিল্প বাদে অন্য সকল পণ্যের রপ্তানিও বেড়েছে।
ইপিবি’র ভাইস চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজকে বলেন, দেশের ইতিহাসে এই প্রথম রপ্তানি আয় দ্বিগুণ সংখ্যায় পৌঁছেছে।
তিনি বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৫৩ শতাংশ এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে। এছাড়া রপ্তানি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পণ্য ছিল ওভেন গার্মেন্টস।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর কোটা ব্যবস্থা আরোপ করার কারণে বাংলাদেশের নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
আগের অর্থবছরের তুলনায় গত বছর ওভেন গার্মেন্টস রপ্তানি ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮ মিলিয়নে দাঁড়িয়েছে।
নিটওয়্যার পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে শীর্ষে অবস্থান অব্যাহত রেখে ৩৫ দশমিক ৩৮ শতাংশ উন্নীত হয়েছে। নিটওয়্যরের পরেই রপ্তানির দিক থেকে শীর্ষে রয়েছে হিমায়িত খাদ্য। এর রপ্তানি নয় শতাংশ বেড়ে হয়েছে ৪৫৯ মিলিয়ন ডলার।
এছাড়া পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি বেড়েছে যথাক্রমে ৫৪ শতাংশ এবং ১৭ দশমিক ৪২ শতাংশ। এ দুই খাতে যথাক্রমে আয় হয়েছে ১৪৮ মিলিয়ন ডলার এবং ৩৬১ মিলিয়ন ডলার।
দেশের চামড়া ও জুতা রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৬ দশমিক ৪৫ শতাংশ ও ৯ শতাংশ এবং এ খাতে আয় হয়েছে যথাক্রমে ২৫৭ মিলিয়ন ও ৯৫ মিলিয়ন ডলার।
চা ও সিরামিক পণ্যের রপ্তানি আয় যথাক্রমে ২৫ শতাংশ ও ৪ দশমিক ১৭ শতাংশ কমে গেছে। এই দুইখাতে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে ১২ মিলিয়ন ও ২৭ দশমিক ৫৫ মিলিয়ন ডলার।
গত অর্থবছরে ইলেক্ট্রনিক, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং প্রডাক্টের রপ্তানি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
রপ্তানি দ্রব্যের সামগ্রিক রপ্তানি আয় ২৩ দশমিক ২৮ শতাংশ বাড়লেও আগের অর্থবছরগুলোর তুলনায় রপ্তানি মূল্য কমে এসেছে ১ দশমিক ৬৫ শতাংশ।
মূল্য তালিকায় ম্যানুফ্যাকচারড পণ্যের মূল্য কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ।
১৯৯৪ - ৯৫ অর্থবছরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ৩৭ শতাংশে উন্নীত হয়ে রেকর্ড গড়েছিল। রপ্তানি আয় ওই অর্থবছরে ৯৩৪ মিলিয়ন থেকে ৩ হাজার ৪৭২ মিলিয়ন ডলারে উন্নীত হয়।
