ঔষধ--সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্যে বিদ্যমান নীতিমালাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা
বিদ্যমান ঔষধ নীতিমালায় ঔষধ--সামগ্রীর উৎপাদন ও মূল্য নির্ধারণের ওপর নজরদারির নির্দেশনার অভাবে ঔষুধজাত পণ্যের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে দেশের ফার্মাসিস্ট ও চিকিৎসকরা মঙ্গলবার মত প্রকাশ করেছেন।
জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম বলেন, বিদ্যমান নীতিমালায় স্থানীয়ভাবে উৎপাদিত ঔষুধের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কোনো নির্দেশনা নেই।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘জাতীয় ঔষুধ নীতিমালা ২০০৫: বর্তমান পরিস্থিতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচনাকালে তিনি এ কথা বলেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডিএইচই) এবং ফার্মাসি গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (পিজিএ) যৌথভাবে ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে ডা. নুরুল ইসলাম আরো বলেন, জনগণের স্বার্থে তাদের হাতে ঔষুধ পৌঁছানোর বিষয়টি বিবেচনা করে সরকারের ঔষুধ নীতিমালা প্রণয়ন করা উচিত।
১৯৮২ সালের ঔষুধ নীতিমালার কথা উল্লেখ করে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, সরকারকে এর আলোকে একটি নীতিমালা প্রণয়ন এবং এ প্রক্রিয়ায় স্বাস্থ্য ও ঔষুধ খাতের বিশেষজ্ঞদের অর্ন্তভুক্ত করা উচিত। কিন্তু বর্তমান ঔষধ নিয়ন্ত্রণ কমিটি ঔষধ--সামগ্রী উৎপাদন খাত থেকে আসা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী বলেন, রোগীদের সঠিক ও স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করতে একটি কার্যকর ঔষুধ নীতিমালা স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাইদুর রহমান বলেন, বিদ্যমান ঔষুধ নীতিমালা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র লক্ষ্য--উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পিজিএ’র সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবি করে বলেন, সিন্ডিকেট গঠনের মাধ্যমে জীবনরক্ষাকারী ঔষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।
ডিএইচই’র সাংগঠনিক সম্পাদক ড. ফজলে এলাহী মিল্লাত বলেন, ঔষধের মজুতদারি ও মূল্য বৃদ্ধির কারণে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি।
