ভোক্তা অধিকার রক্ষায় যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ এনার্জি রেগুলেটারি কমিশন
দুর্বল রেগুলেটারি কাঠামো এবং জবাবদিহিতা ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অভাবই দেশের দুর্বল জ্বালানি পরিস্থিতির প্রধান কারণ বলে সোমবার নগরীতে এক মতবিনিময় সভায় বক্তারা অভিমত প্রকাশ করেছেন।
এমনকি ওই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে গঠিত এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) ভোক্তা স্বার্থ রক্ষায় যথাযথ ভূমিকা পালন করছে না বলেও তারা অভিযোগ করেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ‘এনার্জি রেগুলেশন অ্যান্ড কনজুমারস রাইট প্রটেকশন’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব সভাপতি বোরহান আহমেদ।
বিইআরসিকে কারিগরি সহায়তা প্রদানকারী ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রেগুলেটারি ইউটিলিটি কমিশনারস (এনএআইউসি) প্রকল্প প্রধান আব্দুল্লাহ এইচ মোস্তফা তার বক্তব্যে একটি সমন্বিত জবাবদিহিতামূলক নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব সাধারণ সম্পাদক কাজী ফারুক এবং এনএআরইউসি’র উপ--পরিচালক জেসন সিজ।
একটি অধ্যাদেশ প্রণনয়নের মধ্য দিয়ে ২০০৩ সালের ১৩ মার্চ বিইআরসি প্রতিষ্ঠা করা হলেও চেয়ারম্যানসহ পাঁচজন সদস্যের মধ্যে মাত্র দুজনকে নিয়োগের মাধ্যমে ২০০৪ সালের ২৭ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
জেসন সিজ বলেন, বিশ্বের প্রায় ৮০ ভাগ এনার্জি রেগুলেটারি কমিশনই রাজনৈতিক দৃষ্টিকোন থেকে পরিচালিত হয়ে থাকে। এ কারণে গণমানুষের বৃহত্তর স্বার্থে তারা স্বাধীন ও স্বায়ত্বশাষিতভাবে কাজ করতে পারে না।
ক্যাব সাধারণ সম্পাদক কাজী ফারুক জ্বালানি বিতরণকারী কর্তৃপক্ষকে দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থা বিবেচনার জন্যে অনুরোধ জানান।
